পীরগাছায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় গতকাল শনিবার বিকেলে রাস্তা বন্ধ করে বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুস ছাত্তার (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ছোট পানসিয়া গ্রামের আবদুর রাজ্জাক গতকাল বেলা তিনটার দিকে রাস্তা বন্ধ করে বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করছিলেন। এতে প্রতিবেশী হাবিবুর রহমানের ছেলে জিল্লুর রহমান বাধা দিলে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। এ সময় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুস ছাত্তার বিষয়টি সমঝোতা করতে গেলে আবদুর রাজ্জাক ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আবদুস ছাত্তারের পেটে সজোরে কোপ মারেন। গুরুতর আহত হলে তাঁকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আবদুর রাজ্জাক মিয়া, জাহাঙ্গীর আলম, মন্টু মিয়া, আতাউর রহমান ও মেরিনা বেগমকে গ্রেপ্তার করেছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।