পীরগাছায় টিআরের অর্থ আত্মসাতের সত্যতা মিলেছে
রংপুরের পীরগাছা উপজেলায় কাজ না করেই টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের অর্থ ও খাদ্য সরকারদলীয় নেতা-কর্মীরা আত্মসাৎ করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তার সত্যতা পাওয়া গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান মঙ্গলবার সরেজমিনে তদন্ত করে এর সত্যতা পেয়েছেন।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, তদন্তে পাঠকশিকড় ইহসান দরবার শরিফের ঘর নির্মাণের কাজে বরাদ্দ দেওয়া প্রকল্পে কোনো কাজ করা হয়নি। প্রকল্পের চেয়ারম্যান নজরুল ইসলাম খান প্রকল্পের পুরো অর্থই আত্মসাৎ করেছেন বলে সত্যতা পাওয়া গেছে। আর পাঠকশিকড় দুর্গা মন্দির সংস্কারেরও কোনো কাজ হয়নি। তবে মন্দির কমিটির সম্পাদক তাপস চন্দ্র ও কোষাধ্যক্ষ হরেকেষ্ট মাস্টার ওই প্রকল্পের ২০ হাজার টাকা পাওয়ার কথা স্বীকার করেছেন।২৮ জানুয়ারি প্রথম আলোয় ‘কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্প: সরকারদলীয় নেতা-কর্মীদের পুনর্বাসনই যেন উদ্দেশ্য’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এ সংক্রান্ত সংবাদের অংশ হিসেবে ওই দিন প্রথম আলোর ১৭-এর পাতায় পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের পাঠকশিকড় ইহসান দরবার শরিফের ঘর নির্মাণকাজে বরাদ্দ দেওয়া টিআর প্রকল্পের এক লাখ টাকা এবং পাঠকশিকড় দুর্গা মন্দির সংস্কারে বরাদ্দ দেওয়া দুই মেট্রিক টন খাদ্যশস্য কাজ না করেই আত্মসাৎ করার সংবাদ প্রকাশিত হয়।