তিস্তার ভাঙনে ১৫ দিনে রংপুরের পীরগাছা উপজেলার চর দক্ষিণ গাবুড়া গ্রামের দুই শতাধিক বসতবাড়ি ও দুটি বাজারসহ প্রায় ৫০০ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে চর দক্ষিণ গাবুড়া প্রাথমিক বিদ্যালয় ভবনসহ তিন শতাধিক বসতবাড়ি।এদিকে দুই দিনের ভারী বর্ষণ, উজানের ঢলের কারণে ঠাকুরগাঁও ও জেলার পীরগঞ্জ উপজেলার অনেক স্থান প্লাবিত হয়েছে। ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথের কুজিশহর এলাকায় রেললাইন তলিয়ে যাওয়ায় রেল চলাচল বন্ধ রয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:পীরগাছা (রংপুর): তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের চর দক্ষিণ গাবুড়া গ্রামে তিস্তার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ১৫ দিনে তিস্তার ভাঙনে মাঠের হাট ও চৌমোহনী বাজারসহ চর গাবুড়া গ্রামের দুই শতাধিক বসতবাড়ি ও ৫০০ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে চর দক্ষিণ গাবুড়া প্রাথমিক বিদ্যালয়ের একটি পাকা ভবন।গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, তিস্তার প্রবল স্রোতের কারণে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। চর দক্ষিণ গাবুড়া প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন থেকে নদীর দূরত্ব মাত্র ১৫ গজ। চর গাবুড়া গ্রামের লোকজন ভাঙনের কবলে পড়া বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত। এ সময় ভাঙনের শিকার গ্রামের সামছুল হক, জাফর আলী, ইমান আলী ও ফজলুল হক জানান, নদী তাঁদের বসতবাড়ি ও আবাদি জমি ভেঙে সর্বনাশ করেছে। এখন ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ঠাকুরগাঁও: গত রোববার সন্ধ্যা থেকে শুরু হয়ে গতকাল সোমবার দিনভর টানা বৃষ্টি এবং উজানের ঢলে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার অনেক স্থান পানিতে নিমজ্জিত হয়েছে। ইতিমধ্যে পৌর এলাকাসহ সদর উপজেলার ২৫টি গ্রামের বাড়িঘর, আবাদি জমি ও আমনের বীজতলা তলিয়ে গেছে। গতকাল সকালে ঠাকুরগাঁও শহর ও শহরতলির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উজান থেকে নেমে আসা পানির ঢলে বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। বেশ কিছু ঘর ভেসে গেছে। ঘরের চালের ওপরে ঠাঁই নিয়েছে অনেক পরিবার। কেউ কেউ বাড়ির জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন নিরাপদ জায়গায়। অনেকে সড়কের ওপর পলিথিন দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করছেন।ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের ব্যবস্থাপক মজনুর রহমান বলেন, ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথের কুজিশহর এলাকায় রেললাইন তলিয়ে যাওয়ায় রেল চলাচল বন্ধ রয়েছে।ঠাকুরগাঁও পৌরসভার মেয়র এস এম এ মঈন জানান, পৌর এলাকার ডিসিপাড়া, জলেশ্বরীতলা, খালপাড়া, গোয়ালপাড়া, হাজিপাড়া ও টিকিয়াপাড়া তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। সদর উপজেলার চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরী জানান, সদর উপজেলার আকচা, দেবীপুর, রাজাগাঁও, রায়পুর, কালীতলা, বড়গাঁওসহ ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস বলেন, পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পীরগঞ্জের টাঙ্গন নদীর পানি উপচে নিম্নাঞ্চলের শতাধিক বাড়ি প্লাবিত হয়েছে। এর মধ্যে উপজেলার মসলন্দপুর ও উত্তর মালঞ্চা গ্রামের ৪৮টি বাড়ি, খনগাঁও ইউনিয়নের ঘিডোব দক্ষিণপাড়া গ্রামের ১৭টি বাড়ি নদীর পানিতে ডুবে গেছে। এ ছাড়া হাবিবপুর ও চোপড়াবাড়ি কাজী ফার্মের হ্যাচারি দুটিতে নদীর পানি ঢুকে গেছে। গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, মসলন্দপুর ও মালঞ্চা গ্রামের নদী এলাকার ১৩টি পরিবারের মানুষ তাদের গরুর বাছুর, হাঁস-মুরগি ও মালামালসহ ফুটকিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে। এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ব্যস্ত।