পীরগাছায় পাঁচ ইউপিতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী
রংপুরের পীরগাছা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি (জাপা) এই তিন দলেই বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আট ইউনিয়নের মধ্যে পাঁচটিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। সেই সঙ্গে বিএনপির বিদ্রোহী প্রার্থীও রয়েছেন দুই ইউনিয়নে ও জাপার একটিতে।
চতুর্থ ধাপে আগামী ৭ মে এই উপজেলায় নির্বাচন হবে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ইটাকুমারী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল ইসলাম। দলীয় মনোনয়ন না পেয়ে এখানে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জসিজল হক স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। অন্নদানগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আমিনুল ইসলাম। এখানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
ছাওলা ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী শাহ আবদুল হাকিম। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান। তাম্বলপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন রওশন জমির সরদার। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য শামসুল হক। কান্দি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম খান। এখানে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবার রহমান ও মশিয়ার রহমান।
বিএনপি সূত্রে জানা গেছে, পীরগাছা ইউনিয়নে বিএনপি থেকে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সদস্য নুরুল আমিন।
অন্নদানগর ইউনিয়নে বিএনপি থেকে নির্বাচন করছেন জিল্লুর রহমান। এখানে একই দলের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবার রহমান। জাপা সূত্রে জানা গেছে, কৈকুড়ী ইউনিয়নে দলের প্রার্থী হয়েছেন নূর আলম। এখানে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাপার সদস্য বাবুল আখতার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম সরদার বলেন, পাঁচ ইউনিয়নে যাঁরা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে। উপজেলা বিএনপির সভাপতি আফছার আলী ও উপজেলা জাপার সভাপতি আবু নাসের মাহবুবার রহমানও একই ধরনের কথা বলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জে এম সাহাতাব হোসেন বলেন, আট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১০২ ও সাধারণ সদস্যপদে ৩২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।