পীরগাছায় বাস-ট্রেন সংঘর্ষে আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছার পাওটানা-রংপুর সড়কের কালীগঞ্জ রেলগেটে গত শনিবার গভীর রাতে বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে পীরগাছার পাওটানার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দুলদুল পরিবহন (ঢাকা-মেট্রো ব-১১-৩০৬৫) গত শনিবার দিবাগত রাত সোয়া দুটার দিকে পাওটানা-রংপুর সড়কের কালীগঞ্জ রেলগেটে পৌঁছলে ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন। রাতেই এলাকাবাসী ও পীরগাছা থানা পুলিশ আহত বাসযাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদের মধ্যে বাসচালক বাবু, চালকের সহকারী সহিদুল, বাসযাত্রী শিউলী, ছালাম, তাহেরা খাতুন, জাহেদুল, কবির হোসেন ও আবু তালেবের অবস্থা আশংকাজনক। আহত বাসযাত্রী জাহেদুল জানান, রেলগেটের গেটম্যান জামাল উদ্দিন ঘুমিয়ে থাকায় গেট খোলা ছিল। ফলে এ দুর্ঘটনা ঘটে। পীরগাছা থানার পরিদর্শক সিদ্দিকুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক আবদুল হাই জানান, দুর্ঘটনা তদন্তের জন্য চার সদসের একটি তদন্ত দল গঠন করা হয়েছে।তদন্ত কমিটির প্রধান রেলওয়ের বিভাগীয় ট্রাফিক সুপারিন্ট্যান্ডেন্ট মোস্তাফিজার রহমান বলেন, প্রাথমিক তদন্তে গেটম্যানের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তবে তদন্তকাজ চলছে। বাসযাত্রীরা অভিযোগ করেন, দুর্ঘটনার পর কিছু উদ্ধারকারী ব্যক্তি যাত্রীদের টাকা, মুঠোফোন ও লাগেজসহ মালামাল লুট করে।১৯৯৪ সালে এই রেলগেটে বাস-ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১২ জন বাসযাত্রী প্রাণ হারান।