পীরগাছায় ভূমি কার্যালয়ের গাছ কেটে আত্মসাতের চেষ্টা!
রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন মাঠের একটি নিম গাছ নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই কেটে ফেলা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের নির্দেশে ভূমি অফিসের একজন তহশিলদার ও পিয়ন শ্রমিক দিয়ে গাছ কাটার সময় এলাকাবাসী বাধা দিলে তাঁরা গাছ ফেলে পালিয়ে যান। এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ইউনিয়ন ভূমি অফিসের পিয়ন তোজাম্মেল হক ও তহশিলদার রাজ কিশোর শ্রমিক দিয়ে ভূমি অফিসসংলগ্ন মাঠের প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি নিমগাছ কেটে ফেলেন এবং একটি কাঁঠাল গাছ কাটার জন্য মাটি খোঁড়ান। এলাকাবাসী এ সময় গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তোজাম্মেল হক বলেন, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম গাছ কাটার অনুমতি দিয়েছেন। এলাকাবাসী এ ব্যপারে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তোজাম্মেল হক ও রাজ কিশোর কৌশলে পালিয়ে যান।এলাকাবাসী শাহ আলম মিয়া, মন্জুর হোসেন, কামাল, সাহাব উদ্দিন মৃধাসহ আরও অনেকে অভিযোগ করেন, সহকারী কমিশনার (ভূমি) নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই গোপনে গাছ কাটার অনুমতি দিয়ে রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছেন।তহশিলদার রাজ কিশোর বলেন, সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে গাছ কাটা হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, ‘গাছ দুটি কেটে ভূমি অফিসের তহশিলদারকে তাঁর হেফাজতে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরে এগুলো নিলামে বিক্রি করা হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘কান্দি ভূমি অফিসের গাছ কাটার ব্যাপারে আমি কিছু জানি না। তবে সহকারী কমিশনার (ভূমি) নিয়মবহির্ভূত কাজ করে গাছ আত্মসাতের পাঁয়তারা করেছেন। টেন্ডার ছাড়া তিনি গাছ কাটাতে পারেন না। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’