পীরগাছায় যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় যৌতুক না পেয়ে জেসমিন আক্তার (১৯) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার তেয়ানী মনিরাম গ্রামে গত সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ছয় মাস আগে উপজেলার তেয়ানী মনিরাম গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে রুবেল মিয়ার (২৫) সঙ্গে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধুমাইটারী গ্রামের আতোয়ার রহমানের মেয়ে জেসমিন আক্তারের বিয়ে হয়। দুই মাস আগে রুবেল মিয়া জেসমিনকে এক লাখ টাকা যৌতুক আনার জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দেন। সোমবার সকালে জেসমিন স্বামীর বাড়ি আসেন। কিন্তু যৌতুকের টাকা না আনায় স্বামী রুবেল, শ্বশুর রশিদ ও শাশুড়ি জরি বেগম তাঁর ওপর নির্যাতন চালান। একপর্যায়ে তাঁরা তাঁকে গলা টিপে হত্যা করেন। হত্যার ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তাঁরা জেসমিনের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী পুলিশ ও জেসমিনের পরিবারের সদস্যদের জানান। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আবদুর রশিদ ও রুবেল মিয়া জেসমিনকে হত্যা করার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা দাবি করেন, জেসমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।