পীরগাছায় রিয়া হত্যায় জড়িতদের ফাঁসির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছার রিয়া আক্তার হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই তরুণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানান, উপজেলার পরান গ্রামের আব্দুর রহিমের মেয়ে ও পরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী রিয়া আক্তারকে (৭) গত ২৪ ডিসেম্বর অপহরণ করা হয়। পরদিন মুঠোফোনে তার বাবার কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। এ ব্যাপারে আব্দুর রহিম গত ৩১ ডিসেম্বর ছয়জনের বিরুদ্ধে পীরগাছা থানায় মামলা দায়ের করেন। ১ জানুয়ারি র‌্যাব উপজেলার বড়পানসিয়া গ্রামের রাসেল মিয়া ও আবু জাফরকে আটক করে থানায় সোপর্দ করে। পুলিশ ১৯ জানুয়ারি পরান গ্রামের সালাউদ্দিনকে আটক করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন সন্ধ্যায় পুলিশ একই গ্রামের আব্দুল হক মিস্ত্রির শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে রিয়ার গলিত লাশ উদ্ধার করে।
পীরগাছা থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, পুলিশ গত বুধবার রাসেল মিয়া ও সালাউদ্দিনকে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাফিজুল ইসলামের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিজানুর রহমান দাবি করেন, রাসেল ও সালাউদ্দিন গতকাল জিজ্ঞাসাবাদে রিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার কথা স্বীকার করেছেন।