পীরগাছায় লুট হওয়া ভোটের সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ৪ জানুয়ারি রাতে সাতদরগাহ বাজারে অবস্থিত অন্নদানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় থেকে লুট হওয়া ব্যালট পেপার-বাক্সসহ অন্যান্য সরঞ্জাম গতকাল বুধবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
পীরগাছা থানা সূত্রে জানা গেছে, ৪ জানুয়ারি ওই ইউপি কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে আটটি কেন্দ্রের ব্যালট পেপার ও বাক্সসহ ভোটের অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে। ঘটনার ৩৮ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার পুলিশ গতকাল দুপুরে ওই কার্যালয়ের পাশের একটি জঙ্গলের মাটির নিচ থেকে চারটি ব্যালট বাক্স, এক হাজার ৬০০টি ব্যালট পেপার এবং পাঁচটি সিলসহ ভোটের অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।
পীরগাছা থানার ওসি মকবুল হোসেন বলেন, উদ্ধার করা সরঞ্জাম থানা হেফাজতে রাখা হয়েছে।