পীরগাছায় শিশু খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় প্রথম শ্রেণির শিক্ষার্থী শুভ চন্দ্র (৭) নামের এক শিশু খুন হয়েছে। গতকাল রোববার পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। সে উপজেলার বালারদীঘি গ্রামের কৃষক স্বপন চন্দ্রের ছেলে৷
পুলিশ ও নিহত শিশুর পারিবারিক সূত্র জানায়, শুভ চন্দ্র উপজেলার বালারদীঘি গ্রামের বালারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে গত শনিবার বিকেলের দিকে বাড়ির বাইরে খেলতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে উপজেলায় মাইকযোগে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়৷ গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পাটখেতে শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়৷ পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। শিশুটির গলা, বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পীরগাছা থানার ওসি মকবুল হোসেন বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে। কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।