পীরগাছায় শীতজনিত রোগে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় তীব্র শীত ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল শনিবার সারা দিন সূর্যের মুখ দেখা যায়নি। গত দুই দিনে শীতজনিত রোগে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মিরাপাড়া গ্রামের তোফা বেওয়া (৮২) ও একই ইউনিয়নের শুল্লিপাড়া গ্রামের আ. আজিজ (৫৭) মারা গেছেন। গত দুই দিনে ডায়রিয়া ও শীতজনিত রোগে আক্রান্ত হয়ে পাঁচ শিশুসহ ২৬ ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাহেদুর রহমান জানিয়েছেন। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীতবস্ত্রের অভাবে গ্রামাঞ্চলের অসহায় ও হতদরিদ্র মানুষ বিপাকে পড়েছেন। সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন চরাঞ্চলের হতদরিদ্র মানুষ। তাঁরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। রংপুর আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গতকাল শনিবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।পীরগাছার ইউএনও দেবময় দেওয়ান জানান, এখনো শীতবস্ত্র পাওয়া যায়নি।