পীরগাছায় সার-সংকটে বিপাকে কৃষক
টানা অবরোধ ও হরতালের কারণে পণ্য পরিবহনব্যবস্থা ভেঙে পড়ায় রংপুরের পীরগাছায় ডিলাররা সার সরবরাহ করতে পারছেন না। কৃষকেরা রবিশস্য চাষের কাজে সার না পেয়ে বিপাকে পড়েছেন। সারের সরবরাহের দাবিতে পীরগাছা বাজারের ডিলার গোফরান ভূঁইয়ার দোকান গতকাল বুধবার দুপুরে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শতাধিক আলুচাষি।
উপজেলা কৃষি কার্যালয় থেকে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় আট হাজার ২৫ হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে। এর পাশাপাশি ৫৮০ হেক্টর জমিতে সরিষা, ৭৫০ হেক্টর জমিতে শাকসবজি, ২৮৫ হেক্টর জমিতে গম, ৪৫০ হেক্টর জমিতে ভুট্টা, ২৫০ হেক্টর জমিতে কলা আবাদসহ ১৮ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব আবাদ করতে ২৯ হাজার ৫০ মেট্রিক টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), চার হাজার ৭৫৭ মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি), দুই হাজার ৩০০ মেট্রিক টন ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও আট হাজার ৯০০ মেট্রিক টন ইউরিয়া সারের প্রয়োজন।
সূত্রে আরও জানা যায়, উপজেলার বিসিআইসির ১২ ডিলারের মধ্যে গত অক্টোবর, নভেম্বর ও চলতি ডিসেম্বর মাসে টিএসপি, ডিএপি ও এমওপি সারের বরাদ্দ ছিল ৩৭ হাজার ৫০০ মেট্রিক টন। সেখানে সরবরাহ করা হয়েছে মাত্র ৭১১ মেট্রিক টন। ইউরিয়া সারের এক হাজার ৯৫০ মেট্রিক টন বরাদ্দ থাকলেও সরবরাহ হয়েছে মাত্র ৮৫০ মেট্রিক টন, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ডিলাররা এসব বরাদ্দ করা সারের বিপরীতে টাকা জমা দিলেও পরিবহন সমস্যার কারণে সার আনতে পারছেন না।
উপজেলার চৌধুরানী বাজারের ডিলার হারুন অর রশিদ, আতাউর রহমান তরফদার ও নুরনবী মিয়া জানান, বরাদ্দ করা সারের জন্য টাকা জমা দেওয়া হয়েছে। কিন্তু পরিবহনসংকটের কারণে সার আনা সম্ভব হচ্ছে না। ফলে বাজারে সারের সংকট সৃষ্টি হয়েছে।
গতকাল উপজেলার বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, সার সংকটের সুযোগ নিয়ে কয়েকজন ব্যবসায়ী বেশি দামে সার বিক্রি করছেন। সরকারিভাবে প্রতি বস্তা (৫০ কেজি) ইউরিয়া সারের দাম ৮০০ টাকা নির্ধারণ করা হলেও নেওয়া হচ্ছে ৯৫০ থেকে এক হাজার টাকা। টিএসপি প্রতি বস্তা এক হাজার ১০০ টাকার স্থলে এক হাজার ২৫০ টাকা, এমওপি প্রতি বস্তা ৭৫০ টাকার স্থলে ৯৫০ থেকে ১০০০ টাকা, ডিএপি প্রতি বস্তা এক হাজার ৩০০ টাকার স্থলে এক হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক চৌধুরানী বাজারের এক সার ব্যবসায়ী বলেন, অবরোধে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বেশি দামে সার বিক্রি করতে হচ্ছে।
উপজেলার পারুল ইউনিয়নের আলুচাষি আফজাল হোসেন বলেন, ‘আমি ২৬ একর জমিতে আলুর আবাদ করেছি। কিন্তু সার না পাওয়ায় এখন পর্যন্ত জমিতে এক ছটাক সারও দিতে পারিনি।’
উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব হোসেন বলেন, হরতাল-অবরোধের কারণে বাজারে সাময়িকভাবে সারের সংকট দেখা দিয়েছে।