পীরগাছায় সার্কাসের নামে অশ্লীল নৃত্য, জুয়ার আসর
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে সার্কাসের নামে এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে অশ্লীল নৃত্য ও জমজমাট জুয়ার আসর। এর ফলে এলাকার শিক্ষার্থী ও তরুণেরা বিপথগামী হচ্ছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে অভিযোগ ওঠে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুর রশিদ সরকারের নেতৃত্বে ৩ জানুয়ারি থেকে ‘দি লায়ন্স সার্কাস’-এর নামে ইউনিয়নের ভোলানাথ বাজার এলাকায় এই সার্কাসের আয়োজন করা হয়। সার্কাসের নামে সেখানে রাতভর চলে অশ্লীল নৃত্য। সার্কাস প্যান্ডেলের আশপাশে চলছে ১০-১২টি জুয়ার আসর। উচ্চ শব্দে মাইক বাজানোর কারণে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের লেখাপাড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, আসন্ন এসএসসি পরীক্ষার আগে সার্কাসের নামে এসব অশ্লীল নৃত্যসহ জুয়ার আসর চলায় ছেলেমেয়েদের লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগের নেতাদের দাপটের কারণে তাঁরা প্রতিবাদ করতে সাহস পান না। তাম্বুলপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস আলম বলেন, অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলায় এবং মাইকের উচ্চ শব্দে শিক্ষার্থীদের লেখাপড়ার মারাত্মক ক্ষতি হচ্ছে। এতে আসন্ন এসএসসি পরীক্ষায় এলাকার শিক্ষার্থীদের ফলাফল আশানুরূপ না হওয়ার আশঙ্কা রয়েছে। সার্কাসের আয়োজক কমিটির সভাপতি আবদুর রশিদ সরকার দাবি করেন, প্রথম পাঁচ দিনের অনুমোদন নেওয়ার পর আরও পাঁচ দিন সার্কাসের মেয়াদ বাড়ানো হয়েছে। এবার আবার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে সার্কাসের আশপাশে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জুয়ার আসর বসাচ্ছেন। এ ছাড়া এখানে অবৈধ কিছু করা হচ্ছে না।তবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন সরদার বলেন, ‘আমার দলের কোনো নেতা-কর্মী জুয়ার আসরের সঙ্গে জড়িত নন। সার্কাসের আয়োজক কমিটি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরাই এর সঙ্গে জড়িত।’পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চললে তা বন্ধ করে দেওয়া হবে। পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরোয়ার জাহান বলেন, ‘সার্কাসের মেয়াদ বাড়ানোর ব্যাপারে আমি কিছুই জানি না। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখব।’