পীরগাছায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার
রংপুরের পীরগাছায় গত রোববার তৃতীয় শ্রেণীর একজন স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটি উপজেলা সদর ইউনিয়নের আবদুল হান্নান মিয়ার মেয়ে। রোববার বেলা তিনটার দিকে একই গ্রামের আমজাদ হোসেন (৪৫) ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আমজাদ পালিয়ে যান। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় গতকাল সকালে শিশুটির বাবা বাদী হয়ে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিশেষ অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, আমজাদকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।