পীরগাছায় স্ত্রীকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছা উপজেলায় যৌতুক না পেয়ে আঙ্গুরা বেগম (৩০) নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনার এক মাস পরও আসামি তাঁর স্বামী আবু বক্করকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পারুল ইউনিয়নের পারুল জোলাপাড়া গ্রামের আবু বক্কর যৌতুকের জন্য প্রায় তাঁর স্ত্রী আঙ্গুরা বেগমের ওপর নির্যাতন চালাতেন। সম্প্রতি আবু বক্কর ৫০ হাজার টাকা যৌতুক দাবি করলে তাঁর শাশুড়ি রেজওয়ানা বেগম তা দিতে অপারগতা জানান। এ কারণে ক্ষিপ্ত হয়ে গত ২৭ জুন সকাল সাড়ে নয়টার দিকে আবু বক্কর আঙ্গুরা বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে আঙ্গুরার শরীর ঝলসে গেলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ৭ জুলাই তিনি মারা যান।