পীরগাছায় সড়কের গাছ কেটে সাবাড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের একটি সড়কের পাশের গাছ দুর্বৃত্তরা কেটে সাবাড় করে ফেলেছে। গত চার মাসে সড়কটির দুই পাশে লাগানো সাত শতাধিক গাছ এলাকার সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে কেটে নিয়ে গেছে। পারুল ইউনিয়ন পরিষদ (ইউপি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০১-০২ অর্থবছরে স্থানীয় ইউপির সহযোগিতায় দুই লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ইউনিয়নের বেলতলী আনন্দী ধনীরাম থেকে বড়দরগা পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়। গাছগুলোর মালিকানা হিসেবে তিনটি পক্ষের মধ্যে চুক্তি হয়। গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, প্রায় দুই কিলোমিটার এলাকা থেকে দুর্বৃত্তরা গাছ কেটে নিয়ে গেছে। পারুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এলাকাবাসী ওই দুর্বৃত্তদের বাধা দেওয়ার সাহস পাচ্ছে না। এ ব্যাপারে ইউএনও শহিদুল ইসলাম বলেন, ‘গাছ কাটার ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’