পীরগাছায় ১০ গ্রাম প্লাবিত, ২০ হাজার মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বেড়ে যাওয়ায় রংপুরের পীরগাছা উপজেলার ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল থেকে তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় উপজেলার ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের দৌলত খাঁ, পূর্ব হাগুরিয়া হাশিম, গাবুড়া, শিবদেবচর, জুয়ানের চর, কান্দিনার চর, চর ছাওলা, পাইকর জামা, চর রহমত ও চর তাম্বুলপুর গ্রাম প্লাবিত হয়। গতকাল শুক্রবার সকালে নদীর পানির চাপে রহমত গ্রামের হাজু প্রামাণিক, ওমেদ আলী, লালু মিয়া ও কোব্বাদ আলীর বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। এতে রোপা আমন ও সবজিখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন জানান, পানিবন্দী লোকজনের মধ্যে এখনো সরকারিভাবে কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি।