পীরগাছায় ১২৭ জনের জন্য বরাদ্দ একটি কম্বল
রংপুরের পীরগাছায় শীত জেঁকে বসেছে। গরম কাপড়ের অভাবে পৌষের হাড় কাঁপানো শীতে উপজেলার ৮০ হাজারের বেশি দরিদ্র মানুষ কষ্ট পাচ্ছে। তাদের অনেকেই গরম কাপড়ের জন্য প্রতিদিন জনপ্রতিনিধিদের কাছে ভিড় করছে।তবে সরকারিভাবে উপজেলার দরিদ্র মানুষের জন্য ৫৫০টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। সেই হিসাবে ১২৭ জনের বিপরীতে একটি করে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে।পীরগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফসার আলী বলেন, তীব্র শীতে উপজেলার প্রায় ৮০ হাজার হতদরিদ্র মানুষ নিদারুণ কষ্টে পড়েছে। তারা শীতবস্ত্রের জন্য প্রতিদিন জনপ্রতিনিধিদের কাছে ভিড় করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, উপজেলার প্রায় ৮০ হাজার হতদরিদ্র মানুষের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৫৫০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে; যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান গতকাল শনিবার জানান, বরাদ্দ পাওয়া কম্বলগুলো উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে শিগগির বিতরণ করা হবে।