পীরের অনুসারীদের বিরুদ্ধে বাদীকে খুনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের বিরুদ্ধে করা মামলার বাদী খুন হয়েছেন। পীরের কয়েকজন অনুসারী বাদী খসরু পারভেজকে (৫০) অপহরণের পর নির্যাতন চালিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাতটার দিকে চরমোনাই পীরের অনুসারী হালিম খন্দকার, মামুনসহ কয়েকজন সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের কাঠেরপোল এলাকা থেকে একই গ্রামের খসরু পারভেজকে অপহরণ করে নিয়ে যায়। সারা দিন শারীরিক নির্যাতনের পর খসরুকে অসুস্থ অবস্থায় রাতে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান। খসরুর বোন হাওয়া নূর বেগম জানান, জমি নিয়ে বিরোধের কারণে খসরু পারভেজ পীর সৈয়দ রেজাউল করিমের বিরুদ্ধে গত ১৮ অক্টোবর বরিশাল আদালতে মামলা করেন। এ কারণেই পীরের লোকজন তাঁকে অপহরণ করে নিয়ে নির্যাতন চালিয়ে মুমূর্ষু অবস্থায় বাড়িতে রেখে যায়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুজ্জামান জানান, খসরু পারভেজকে অপহরণ করে নির্যাতন ও স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হেলালউদ্দিন আদালতে নালিশি মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন। খসরু মারা যাওয়ায় পুলিশ ওই মামলার সঙ্গে ৩০২ ধারা সংযোজন করে শুক্রবার লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই মামলায় চরমোনাই পীরের অনুসারী হালিম খন্দকার, মামুনসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। ওসি বলেন, খসরুর পরিবারের সদস্যদের দাবি চরমোনাই পীরের লোকজনের নির্যাতনে তিনি মারা গেছেন। চরমোনাই পীরের ছোট ভাই ও চরমোনাই ইউপির চেয়ারম্যান সৈয়দ আবুল খায়ের বলেন, ‘খসরুকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় আমাদের পরিবার কোনোভাবেই জড়িত নয়। পীরের সঙ্গে খসরুর জমি নিয়ে বিরোধ নিষ্পত্তি হয়েছে। যেহেতু খসরু পীর সাহেবের বিরুদ্ধে মামলা করেছিলেন, সেই সুযোগটি কাজে লাগিয়েছে ইউপি সদস্য হেলাল উদ্দিন। আমাদের সঙ্গে হালিমের দ্বন্দ্ব রয়েছে। ওই সুযোগটিই সে কাজে লাগিয়েছে।’