পীরেরবাগ সড়ক এবার সংস্কার হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে মধ্য পীরেরবাগ সংযোগ সড়কটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি l ছবি: প্রথম আলো
শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে মধ্য পীরেরবাগ সংযোগ সড়কটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি l ছবি: প্রথম আলো

পশ্চিম শেওড়াপাড়া থেকে মধ্য পীরেরবাগ পর্যন্ত সংযোগ স্থাপন করা সড়কটি কয়েক বছর ধরেই ভাঙাচোরা। বর্তমানে সড়কটির বেশির ভাগ অংশই চলাচলের অনুপযোগী। এর মধ্যে দুই দফায় সুয়ারেজের নতুন পাইপ বসানো ও সড়ক প্রশস্তকরণের জন্য

খোঁড়াখুঁড়ি হয়েছে। কিন্তু সড়কটি আর পাকা করা হয়নি। সড়কটির সংস্কারকাজ আদৌ হবে কি না, তা নিয়েই সন্দিহান এলাকার বাসিন্দা এবং এই পথে নিয়মিত চলাচলকারী ব্যক্তিরা।
তবে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেছে, ঈদের ছুটি শেষে কাজ শুরু হবে।

শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই সড়ক ‘পীরেরবাগ সড়ক’ নামেই বেশি পরিচিত। এই সড়ক দিয়ে মধ্য পীরেরবাগ, দক্ষিণ পীরেরবাগ, পশ্চিম শেওড়াপাড়া, নতুন ৬০ ফুট রাস্তা ও আশপাশের এলাকার লোকজন চলাচল করে। গত শনিবার সরেজমিনে দেখা যায়, শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে ৬০ ফুট সড়ক পর্যন্ত এক কিলোমিটার রাস্তার বেশির ভাগ অংশই এবড়োখেবড়ো। সড়কের কোথাও পিচের অস্তিত্ব নেই। এর মধ্যে বউবাজার ও অলি মিয়ার টেক অংশের অবস্থা সবচেয়ে খারাপ।

স্থানীয় রিকশাচালক মো. কাশেমের মতে, গোটা মিরপুর অঞ্চলে এমন বেহাল সড়ক দ্বিতীয়টি পাওয়া যাবে না। তিনি বলেন, ‘ভাঙ্গা রাস্তা আবার ভাইঙ্গা একবার পাইপ বসায়, একবার দোকান-টোকান ভাইঙ্গা চওড়া করে। রাস্তা কিন্তু ঠিক হয় না। কবে হইব, তা-ও জানি না।’

এলাকাবাসীর বক্তব্য, কয়েক বছর আগেও সড়কটির প্রস্থ ছিল ১২ ফুটের মতো। পরে বাড়িয়ে ২০ ফুট করা হয়েছে। সড়কের জলাবদ্ধতা নিরসনে দুই বছর আগে সিটি করপোরেশনের পক্ষ থেকে ২৪ ইঞ্চি ব্যাসের পাইপ তুলে ৩৬ ইঞ্চি পাইপ বসানোর পর গর্ত ভরাট করলেও পিচ ঢালাইয়ের কাজ এখন পর্যন্ত শুরু করা হয়নি।

এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান ক্ষোভের সঙ্গে বলেন, ‘পাইপ বসানোর সময় রাস্তাটি পুরোপুরি বন্ধ থাকায় ভোগান্তির শেষ ছিল না। মনে করেছিলাম, এই কাজ শেষ করার সঙ্গে সঙ্গে সিটি করপোরেশন সড়কটিও ঠিক করে দেবে। তা আর হলো কই?’

এই পথের নিয়মিত যাত্রী সাইফুল ইসলামের কণ্ঠে হতাশা। তিনি বলেন, ‘এই রাস্তা একদিন ঠিক হবে—এমন আর ভাবি না। যা হওয়ার হোক। আমাদের কষ্ট হবে এটাই নিয়তি।’

সড়কটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত। এ বিষয়ে কথা বলার জন্য ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে ডিএনসিসির অঞ্চল-৪-এর নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ প্রথম আলোকে বলেন, সড়কটি সংস্কারের প্রক্রিয়া এর মধ্যেই শুরু হয়েছে। এর অংশ হিসেবে ঈদের আগেই বৈদ্যুতিক খুঁটি সরানোর কাজ শেষ হয়েছে। লোকজন ঈদের ছুটি শেষে ফেরার পর পুরোদমে কাজ শুরু হবে।