পীরেরবাগে জোড়া খুন
রাজধানী ঢাকার মিরপুরে রোববার রাতে কুপিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। রাত ১১টার দিকে দক্ষিণ পীরেরবাগে বটতলার গলিতে তাদের মৃতদেহ পড়ে ছিল। তাদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন ছিল। নিহত দুজনের নাম কাইয়ুম ও জাহাঙ্গীর বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম রাতে প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টার দিকে ওই গলিতে ১০-১২জন মিলে এ দুজনকে কুপিয়ে হত্যা করে। তখন ভয়ে আশপাশের কেউ ঘর থেকে বের হয়নি। নিহতদের বয়স ৩০-৩৫ এর মধ্যে। নিহতদের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেই সূত্রে প্রাথমিকভাবে দুজনের নাম জানা গেছে। তবে তাদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, নিহত দুজনই পুরুষ। রাত ১১টার দিকে দক্ষিণ পীরেরবাগে বটতলার গলিতে তাদের মৃতদেহ পড়ে ছিল। তাদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন ছিল। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থলের আশপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।