পীস স্কুল বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পীস’ নামে চালু দেশের অনুমোদনহীন স্কুলগুলো বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সাময়িক নিবন্ধন পাওয়া ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ‘পীস ইন্টারন্যাশনাল স্কুল’-এর নিবন্ধন বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
‘পীস’ শব্দটি ব্যবহার করে ভিন্ন ভিন্ন নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের শতাধিক স্কুল পরিচালিত হচ্ছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ‘পীস’ নামযুক্ত স্কুলগুলো বন্ধের নির্দেশনার কথা বলা হয়। এতে জানানো হয়, অনুমোদনহীন এ স্কুলগুলো অবিলম্বে বন্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এর আগে ইসলামিক বক্তা জাকির নায়েকের উদ্যোগে চালু পিস টিভির বাংলাদেশে সম্প্রচার গত ৮ জুলাই বন্ধ করে সরকার।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিতর্কিত কার্যক্রমে লিপ্ত থাকায় লালমাটিয়ার ‘পীস ইন্টারন্যাশনাল স্কুল’-এর পাঠদানের অনুমতি বাতিল করতে শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে গতকালই ইংরেজি মাধ্যমের ওই বিদ্যালয়ের সাময়িক নিবন্ধন বাতিল করা হয়। একই সঙ্গে সেটি বোর্ডের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।
ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৩ নভেম্বর এই স্কুলকে নিবন্ধন দিয়েছিল ঢাকা বোর্ড। ওই স্কুলের ঠিকানা ৫/৭, ব্লক-বি, লালমাটিয়া।
এ বিষয়ে স্কুলটির ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরে মুঠোফোনে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে জানানো হয়, তারা এখনো কোনো নির্দেশনা পায়নি।
এই স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক প্রথম আলোকে বলেন, তাঁদের এখন সন্তানের ভর্তি নিয়ে বেকায়দায় পড়তে হবে। তবে একটি সূত্র বলেছে, নাম পরিবর্তন করে স্কুলটি পরিচালনার প্রক্রিয়া চলছে।
বেশ কিছুদিন ধরেই ‘পীস’ নামযুক্ত স্কুলগুলোর কার্যক্রম নিয়ে বিতর্ক চললেও সম্প্রতি দেশে কয়েকটি বড় জঙ্গি হামলার পর এ প্রসঙ্গ আবারও সামনে আসে। এসব স্কুলের অনেকগুলো জামায়াতে ইসলামীর আর্থিক পৃষ্ঠপোষকতা ও রাজনৈতিক আদর্শে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ ওঠে। এসব স্কুলের পরিচালনা পর্ষদে রয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থকেরা। আবার কোনো কোনো স্কুল পরিচালনা পর্ষদে চেয়ারম্যানসহ বিভিন্ন পদে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরাও রয়েছেন।
ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, নোয়াখালী, ফেনীসহ বিভিন্ন জেলায় নামে-বেনামে পরিচালিত স্কুলগুলোকে জামায়াত-শিবির সাংগঠনিক কাজে ব্যবহার করছে সন্দেহ প্রকাশ করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১৩ মার্চ একটি প্রতিবেদন স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।