পীস স্কুলের শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের নির্দেশের পর ‘পীস’ নামে চালু বিদ্যালয়গুলো আকস্মিক ছুটি বা বন্ধ ঘোষণা করা হচ্ছে। একই সঙ্গে রাতারাতি স্কুলের সাইনবোর্ড ও নাম তুলে ফেলা হচ্ছে। কেউ কেউ আবার নাম পরিবর্তন করে স্কুল চালানোর চেষ্টা করছে। এ রকম পরিস্থিতিতে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তা মুখে পড়েছে।
এখন পর্যন্ত এই শিক্ষার্থীদের দায়দায়িত্ব সরকারও নিতে চাচ্ছে না। এ বিষয়ে গতকাল মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্দেশ করে বলেছেন, দায়িত্ব তাঁরাই নেবেন, যাঁরা তাদের (শিক্ষার্থীদের) এই পথে নিয়ে এসেছেন।
শিক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার ‘পীস’ নামে চালু দেশের অনুমোদনহীন স্কুলগুলো বন্ধের নির্দেশ দেয়। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সাময়িক নিবন্ধন পাওয়া ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ‘পীস ইন্টারন্যাশনাল স্কুল’-এর নিবন্ধন বাতিল করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
‘পীস’ নামে কতগুলো বিদ্যালয় এবং এতে কতজন শিক্ষার্থী আছে, তার সুনির্দিষ্ট কোনো তথ্য সরকারের হাতে নেই। তবে ‘পীস’ শব্দটি ব্যবহার করে ভিন্ন ভিন্ন নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের শতাধিক স্কুল পরিচালিত হচ্ছে বলে গোয়েন্দারা সরকারকে তথ্য দিয়েছেন।
গতকাল দুপুরের পর লালমাটিয়া পীস ইন্টারন্যাশনাল স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলের ফটকে তালা। সাইনবোর্ডও নেই। তবে কলাপসিবল গেটের ভেতরে কাচের দরজার ওপর স্কুলের নামটি এখনো লেখা আছে। এ প্রতিবেদক সেখানে সরেজমিনে দেখার সময় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের তিনজন কর্মকর্তাও সেখানে যান। তাঁদের একজন বিদ্যালয় উপপরিদর্শক মাহবুবুল আলম মৃধা বলেন, তাঁরা এসেছেন অন্য কোনো নামে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে কি না, সেটি দেখতে।
এই স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক প্রথম আলোকে বলেন, তাঁরা এখন সন্তানের ভর্তি নিয়ে দুশ্চিন্তায় আছেন। তাঁরা শুনেছেন, নাম পরিবর্তন করে ‘সাউথশোর স্কুল’ হিসেবে স্কুলটি পরিচালনার প্রক্রিয়া চলছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীস স্কুল অ্যান্ড কলেজের নামসংবলিত সাইনবোর্ড ও দেয়াললিখন গত মঙ্গলবার রাত থেকে দেখা যাচ্ছে না। ২০১৪ সালের শেষের দিকে ঠাকুরগাঁও শহরের সিরাজ-উদ-দৌলা সড়কের পূর্ব গোয়ালপাড়ায় পীস স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু হয়। এখানে ১৫২ জন শিক্ষার্থী।
কলেজের অধ্যক্ষ দীপক চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, ছুটির মধ্যে নাম পরিবর্তন করে আবার স্কুলের কার্যক্রম শুরুর চেষ্টা চালানো হবে। এই স্কুলের পরিচালনা কমিটির সহসভাপতি মো. হাফিজুর রহমান বলেন, ভিন্ন নামে শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে।
রাজশাহীতে নাম পরিবর্তন: রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, রাজশাহীতে পীস স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে এখন ‘লিজেন্ড একাডেমী’ করা হয়েছে। তবে কার্যক্রম একই রয়েছে। ২০১৫ সালের জানুয়ারি থেকে নগরের তেরখাদিয়া এলাকায় ‘পীস স্কুল অ্যান্ড কলেজ’ চালু করা হয়। প্রতিষ্ঠানের নামের সঙ্গে ‘কলেজ’ শব্দটি যুক্ত থাকলেও কলেজের কার্যক্রম চালু হয়নি। কলেজের নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান মুঠোফোনে বলেন, প্রায় এক মাস আগে ‘পীস’ নামটি নিয়েই যখন বিতর্কের সৃষ্টি হয়, তখনই তাঁরা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ‘লিজেন্ড একাডেমী’ রাখেন।