পুঁজি হারিয়ে দিশেহারা পোলট্রি খামারিরা
যমুনাগর্ভে পিতৃভিটা হারিয়ে ২০ বছর আগে সারিয়াকান্দির দুর্গম চরের নিজবলাইল থেকে বগুড়া শহরের উপকণ্ঠ সাবগ্রাম-চান্দপাড়া এলাকায় আশ্রয় নিয়েছেন মতি আকন্দ।
ভাগ্যের সঙ্গে সংগ্রাম করে ২০ বছরের শ্রম-ঘামের বিনিময়ে তিল তিল করে জমানো সঞ্চয়ের টাকায় বসতভিটার আঙিনায় গড়েছিলেন মুরগির ছোট্ট একটি খামার। খামারে ৫৫০টি সোনালি জাতের মুরগি পালন করছিলেন তিনি।
খামারি মতি আকন্দের তিল তিল করে গড়া সেই খামার ৪ এপ্রিলের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে মারা পড়েছে খামারের বেশ কিছু মুরগি। খামারের টিনের শেড ভেঙে চুরমার। ভেঙে চুরমার ক্ষুদ্র এই খামারির স্বপ্নও। পুঁজি হারিয়ে এখন তিনি দিশেহারা। ঝড়ের তাণ্ডবে খামার লন্ডভন্ড হওয়ায় মতি আকন্দের মতোই দুচোখে অন্ধকার দেখছেন বগুড়ার পোলট্রি খামারিরা।
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ঝড়ে বগুড়ায় প্রায় ৫০০ পোলট্রি খামার লন্ডভন্ড হয়েছে। এর মধ্যে ৩৯০টি খামারের ২ লাখ ৪১ হাজার মুরগি মারা গেছে। সরকারি হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি ৮৬ লাখ টাকা।
তবে প্রাণিসম্পদ কার্যালয়ের এই পরিসংখ্যান মানতে রাজি নন বগুড়া জেলা পোলট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। তাঁদের দাবি, ঝড়ে পোলট্রি খামারিদের ক্ষতির পরিমাণ কমপক্ষে ৩০ কোটি টাকা।
পোলট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, জেলায় পোলট্রি খামারের সংখ্যা প্রায় ছয় হাজার। ৪ এপ্রিলের ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে কমপক্ষে দেড় হাজার খামার। আংশিক ক্ষতি হয়েছে আরও দুই হাজার খামারের। বেশির ভাগ খামারে ১ থেকে ১০ হাজার পর্যন্ত ব্রয়লার, লেয়ার ও সোনালি জাতের মুরগি ছিল। সেই হিসাবে খামারের মুরগির ক্ষতি ১০ কোটি টাকার ওপরে।
এ ছাড়া অবকাঠামো ও শেডের ক্ষতির পরিমাণ আরও ২০ কোটি। সব মিলিয়ে পোলট্রিশিল্পের ক্ষতি ৩০ কোটি টাকা।
পোলট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের এই নেতা বলেন, ছয় হাজার খামারের মধ্যে পাঁচ হাজার খামারির পুঁজির জোগান হয়েছে ব্যাংকঋণ থেকে। ঝড়ে শুধু পোলট্রি খামার লন্ডভন্ড হয়নি, খামারিদের মেরুদণ্ডও ভেঙে গেছে। বেশির ভাগ খামারির পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। খামারিদের মাথায় ব্যাংকঋণের বোঝা। পুঁজি হারিয়ে দিশেহারা তাঁরা।
সরেজমিনে দেখা গেছে, শহরতলির সাবগ্রাম-চান্দপাড়া এলাকায় লন্ডভন্ড খামারের ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলেন মতি আকন্দ। তিনি বলেন, ‘জীবনের সব কামাই-রোজগার দিয়ে একনা খামার করচিনু। এটি দিয়্যাই হামাকের সংসার চলিচ্চিল। ঝড় খালি হামার খামার লন্ডভন্ড করে দেয়নি, হামার মাথাত বাড়ি দিয়ে গেচে।’
ঝড়ে লন্ডভন্ড পাশের সানজু মিয়ার খামারটিও। সানজু বলেন, ‘দিনমান সিএনজি চালাই। বাড়িত এক হাজার মুরগির খামার দিচনু। খামার দেকাশোনা করেচ্চিল হামার বউ। শনিবারের ঝড়ত হামার খামার লন্ডভন্ড হয়্যা গেচে।’
শহরতলির কুমড়া এলাকায় গিয়ে দেখা গেছে, ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ওই এলাকার বেশ কয়েকটি পোলট্রি খামার। এর মধ্যে ঝড়ের তাণ্ডবে দিশেহারা খামারি গোলাম মোস্তফা ও আশরাফ আলী।
খামারি গোলাম মোস্তফার বড় দুটি শেডে ১৩ হাজার সোনালি জাতের মুরগি ছিল। ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে একটি শেড। ধ্বংসস্তূপের কাছে চাপা পড়েছে শেডে থাকা আধা কেজি ওজনের সাত হাজার মুরগি। গোলাম মোস্তফা বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার ও হ্যাচারি গড়ে তুলেছিলাম। কখনো এমন বিপর্যয়ে পড়তে হয়নি। সব মিলিয়ে ঝড়ে খামারে ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আ ম শফিউজ্জামান বলেন, জেলায় প্রায় তিন হাজার নিবন্ধিত খামার রয়েছে। এ হিসাবের বাইরে বেশ কিছু খামার রয়েছে। ঝড়ে ৪৯১টি খামারের শেডের এবং ৩৯০ খামারের মুরগির ক্ষতি হয়েছে।