পুঁজি হারিয়ে দিশেহারা মরিচচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলন বিপর্যয় ও বাজার মন্দার কারণে বগুড়ার সারিয়াকান্দির মরিচচাষিরা পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। প্রতি বিঘা জমিতে তাঁদের ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। গত রোববার সারিয়াকান্দির বিভিন্ন এলাকা ঘুরে চাষিদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া যায়।
উপজেলার যমুনা নদীর তীরসংলগ্ন মথুরাপাড়া হাট সারা বছরই চরাঞ্চলের কৃষকদের পদচারণে জমজমাট থাকে। কৃষকেরা উৎপাদিত ফসল বিক্রির জন্য এখানে এনে জড়ো করেন। অন্য বছর এই সময়ে হাটে মরিচের ব্যাপক আমদানি থাকলেও রোববার বেলা একটার দিকে সেখানে গিয়ে দেখা গেল, খুব একটা আমদানি নেই শুকনা মরিচের। অন্য বছর হাটবারে এই হাটে গড়ে ৫০০ মণ করে শুকনা ও পাকা মরিচের (কৃষকের ভাষায় টোপা মরিচ) আমদানি থাকলেও এবার তা ১০০ মণে নেমে এসেছে বলে ক্রেতা-বিক্রেতারা জানান।
হাটে আসা বড়ইকান্দি গ্রামের কৃষক সৈয়দ আলী বলেন, এবার মরিচের ফলন ও দাম দুই-ই কম। গত মৌসুমে বিঘায় ৮ থেকে ১০ মণ করে শুকনা মরিচের ফলন হয়। এবার শিলাবৃষ্টিতে মরিচখেতের ব্যাপক ক্ষতি হওয়ায় বিঘায় ফলন ২ থেকে ৩ মণ করে হয়েছে। এ ছাড়া গত মৌসুমে শুকনা মরিচের দাম ছিল মণপ্রতি সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা, এবার তা ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকায় নেমে এসেছে।
নান্দিনার চরের কৃষক বেলাল হোসেন জানান, চরের জমিতে বর্ষায় তেমন কিছু ফলে না। পানি নামার পর অনেক স্বপ্ন নিয়ে মহাজনের কাছ থেকে ধার করে চরের জমিতে মরিচ আবাদ করেছিলেন। এই একটি ফসল চাষ করেই সংসারের বছরের খরচ জোগান তিনি। এবার লাভ তো দূরে থাক, চাষের খরচও উঠছে না তাঁর। কীভাবে ঋণ শোধ করবেন, কীভাবে সংসার চালাবেন—হিসাবই মেলাতে পারছেন না বেলাল।
বিকেলে উপজেলার ফুলবাড়ি হাটে গিয়েও একই চিত্র দেখা গেল।
মরিচ কিনতে আসা পাইকারি ব্যবসায়ী মুরাদুজ্জামান বলেন, প্রতি বছর সারিয়াকান্দি থেকে ব্যবসায়ীদের মাধ্যমে মরিচ কিনে থাকে স্কয়ার গ্রুপ, প্রাণ, এসিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এবার হরতাল-অবরোধে পরিবহন ব্যবস্থা ভেঙে যাওয়ায় এসব প্রতিষ্ঠানে মরিচ সরবরাহ করা সম্ভব হয়নি। তাই মরিচের বাজারে মন্দা অবস্থা।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চণ্ডীদাস কুণ্ডু বলেন, জেলায় এবার সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে মরিচচাষ হয়েছে। এর বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। এই মরিচের বেশির ভাগই চাষ হয়েছে সারিয়াকান্দি উপজেলায়। ফাল্গুনের শিলাবৃষ্টিতে উপজেলার ৪ কোটি টাকার মরিচসহ ১৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে।