পুঁজি হারিয়ে পথে বসেছেন খামারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালি জাতের এক কেজি মুরগি উৎপাদন করতে ১৫৫-১৬০ টাকা ও ব্রয়লার জাতের মুরগি উৎপাদন করতে ১০০-১০৫ টাকা খরচ পড়ে। কিন্তু উপজেলার বাজারে এখন পাইকারি প্রতি কেজি সোনালি জাতের মুরগি ১৩৫ টাকা আর ব্রয়লার জাতের মুরগি ৯০ টাকা করে বিক্রি হচ্ছে।
এতে মুরগির খামারিদের অনেকেই বিপুল পরিমাণ লোকসান দিয়ে পথে বসেছেন।
উপজেলার বিভিন্ন এলাকায় ১০-১২ জন মুরগির খামারির সঙ্গে কথা বলে জানা যায়, চার-পাঁচ মাস ধরে তাঁরা মুরগি উৎপাদন করে পুঁজি হারিয়েছেন। কেউ কেউ ঋণের বোঝা মাথায় নিয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছেন। মুরগির ওষুধ ও খাদ্য বিক্রির ডিলাররা খামারিদের বাকি দিয়ে তাঁরাও দেনদরবার করে টাকা তুলতে পারছেন না।
উপজেলার আলতাফনগর গাদোঘাট গ্রামের মাসুদ রানা বলেন, তিনি এক বছর হলো সোনালি জাতের মুরগির খামার দিয়েছেন। ছয় হাজার মুরগি পালন করতে গিয়ে কয়েক মাসে তিনি প্রায় ১০ লাখ টাকা দেনা করেছেন।
বীরকেদার গ্রামের আবদুর রশিদ বলেন, ‘হামার বাড়ির ঘরের তালাত (ওপরে) দুই হাজার মুরগির জন্য শেড দিছি। প্রথমে ব্যবসা ভালোই করিছি। গত সাত-আট মাসে মুরগির রোগবালাই আর দামত লস খ্যাইয়ে পথেত নামিছি। দুই বেলা ভাতের জন্যি এখন একটি ইটভাটায় নাইট ডিউটির কাজ লিছি।’
উপজেলার মুরগির খামারি ও পোলট্রি ফার্ম সমিতি সূত্রে জানা যায়, কম পুঁজি খাটিয়ে অল্প সময়ে লাভের আশায় গত কয়েক বছরে এ উপজেলায় ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০টি মুরগির খামার গড়ে উঠেছে।
উপজেলা সদরে অবস্থিত সাকিব এন্টারপ্রাইজ ও আল হেরা পোলট্রি ফার্মের মালিক আবদুল জলিল বলেন, ১৫ বছর ধরে তিনি এ ব্যবসার সঙ্গে জড়িত। গত এক বছরে মুরগির খাবার ও ওষুধের দামের তেমন হেরফের হয়নি। কিন্তু তারপরও প্রতি কেজি মুরগি বিক্রি করে ২৫-৩০ টাকা করে লোকসান হচ্ছে খামারিদের।
বগুড়ার এ আর পোলট্রি ফার্ম ও হ্যাচারির মালিক আবু সাঈদ বলেন, ‘কয়েক বছরের তুলনায় খামারিদের ব্যবসা খুবই খারাপ যাচ্ছে। আগে এক দিন বয়সের বাচ্চা প্রতিটি ২৩-২৪ টাকা করে পাইকারি বিক্রি করেছি। গত চার মাস হলো তা অর্ধেকে নেমেছে। এখন এক দিন বয়সের বাচ্চার দামও ১০-১২ টাকা করে কম। এ অবস্থা বেশি দিন চললে ব্যাংকের মুনাফা দিতে গিয়ে দেউলিয়া হতে বেশি দিন লাগবে না।’
দুপচাঁচিয়া উপজেলা পোলট্রি ফার্ম মালিক সমিতির সভাপতি আমিনুর রহমান বলেন, উপজেলায় ছোট-বড় দেড় হাজার খামার গড়ে উঠেছে। এখন ব্যবসা ভালো যাচ্ছে না। সরকারিভাবে কোনো সাহায্য-সহযোগিতাও মিলে না। কেন যে মুরগির দাম কমে গেল তা বোঝা যাচ্ছে না। তবে খামারিদের দিকে সরকারের নজর দেওয়া দরকার।