পুঁজিবাজার এই উঠছে এই নামছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের সাম্প্রতিক আচরণ ‘ইরেশনাল’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ‘বাজার এই উঠছে, আবার এই নামছে। এ বাজার কোনো স্বাভাবিক আচরণ করছে না। এ ধরনের আচরণের একটি সুরাহা করতে হবে।’ পুঁজিবাজারের জন্য বর্তমানে যেসব প্রণোদনা রয়েছে, আগামী বাজেটেও তা অব্যাহত থাকবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, সবকিছুর পরেও বাজার তার আপন গতিতেই চলবে। সচিবালয়ে গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন, সদস্য আরিফ খান, ডিএসইর সভাপতি রকিবুর রহমান ও সিএসইর সভাপতি আল মারুফ খান এ সময় উপস্থিত ছিলেন। এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, বিনিয়োগকারীদের মধ্যে এখনো আস্থার অভাব রয়েছে। সম্মিলিতভাবে যদি তাঁদের আস্থা ফিরিয়ে আনা যায়, তাহলে বাজারেও স্থিতিশীলতা ফিরে আসবে। তিনি বলেন, জনগণের অর্থ নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে ব্যাপারেও কাজ চলছে। অর্থমন্ত্রীকে উদ্দেশ করে ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, ‘পদ্মা সেতুর জন্য শেয়ার ছাড়েন। জনগণ টাকা নিয়ে বসে আছে। তারা আপনাকে ভাসিয়ে নেবে।’