পুঁজিবাজারে অস্থিরতার জন্য সরকারকে দায়ী করে বিএনপি বলেছে, এর মাধ্যমে গত কয়েক দিনে ৬৪ হাজার কোটি টাকা লুটে নেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীতে পৃথক কয়েকটি আলোচনা সভায় বিএনপির নেতারা এ অভিযোগ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৫তম জন্মদিন উপলক্ষে এসব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই পুঁজিবাজারে ধস নামে। বিনিয়োগকারীরা সর্বস্বান্ত হয়ে রাস্তায় বসে যান। বিএনপির আমলে কখনো পুঁজিবাজারে এ রকম অবস্থার সৃষ্টি হয়নি।১৯৯৬ সালে পুঁজিবাজারে ব্যাপক দরপতনের কথা তুলে ধরে খন্দকার মোশাররফ বলেন, ওই সময়ও আওয়ামী লীগের সরকার ক্ষমতায় ছিল।মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অপর এক আলোচনা সভায় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ১৯৯৬ সালের চক্রটি পুঁজিবাজারে ধস নামিয়েছে। সরকারের মদদে এই চক্র পুঁজিবাজার থেকে গত কয়েক দিনে ৬৪ হাজার কোটি টাকা লুটে নিয়ে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে পথে বসিয়েছে। তিনি শেয়ারবাজারের বর্তমান অবস্থার জন্য অর্থমন্ত্রীর সমালোচনা করেন।প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এম কে আনোয়ার বলেন, ‘আপনি যদি জেনেই থাকেন, কয়েকটি মাল্টিলেভেল কোম্পানি এ অবস্থার সৃষ্টি করছে, তাহলে তাদের ধরছেন না কেন?’ তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করুন। তাহলেই বেরিয়ে আসবে কীভাবে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে।’