পুঁজিবাজার সরকারের পতন ছাড়া স্থিতিশীল হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে ৩৩ লাখ বিনিয়োগকারীকে সর্বস্বান্ত করা হয়েছে। এখন প্রণোদনা দিয়ে এবং বিশেষ তহবিল গঠন করেও বাজার স্থিতিশীল করা যাচ্ছে না। এই সরকারের পতন ছাড়া পুঁজিবাজার স্থিতিশীল হবে না।চট্টগ্রামের লালদীঘি চত্বরে গতকাল বুধবার যুবদলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুবদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি আবুল হাশেম বক্করের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সহ-শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এনামুল হক, বিএনপির সদস্য মাহবুবুর রহমান, পাহাড়তলী থানা বিএনপির আহ্বায়ক সামশুল আলম, মহানগর জাসাসের সভাপতি কাজী আকবর, খুলশী থানা বিএনপির আহ্বায়ক আবদুস ছাত্তার, দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী প্রমুখ। নোমান বলেন, সরকারের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছে। দুর্নীতিতে সরকারের শীর্ষ ব্যক্তিরা জড়িত থাকা সত্ত্বেও মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সমাবেশে বক্তারা বলেন, সরকারের শীর্ষ থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সবাই দুর্নীতিতে নিমজ্জিত। তাঁদের দুর্নীতির কারণে দেশের মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাঁরা বলেন, রাষ্ট্র পরিচালনায় মহাজোট সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। শেয়ারবাজারের লুটেরা শিয়ালদের মুরগি পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন।সমাবেশ শেষে একটি শোভাযাত্রা লালদীঘি চত্বর থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড়, জিপিও, নিউমার্কেট মোড় ও স্টেশন রোড হয়ে বাটালী মোড়ে এসে শেষ হয়।