পুঁজিবাজারে দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ সমাবেশ
পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে নগরের আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভবনের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন বিনিয়োগকারীরা। প্রত্যক্ষদর্শী ও বিনিয়োগকারীদের সূত্রে জানা যায়, ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং সংগঠনের ব্যানারে বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বিনিয়োগকারীরা এসে জড়ো হতে থাকেন। পরে ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ফোরামের যুগ্ম আহ্বায়ক এম এ কাদের, খোরশেদ আলম, সরওয়ার কিবরিয়া, রোকন উদ্দিন প্রমুখ। সমাবেশে বক্তারা সংকোচনমূলক মুদ্রানীতির পরিবর্তে পুঁজিবাজারবান্ধব মুদ্রানীতি প্রণয়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ ছাড়া তাঁরা বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে আগামী ছয় মাস পুঁজিবাজারে কোনো ধরনের আইপিও এবং রাইট শেয়ার না ছাড়া, তারল্যসংকট মোকাবিলায় বিমা খাতে সরবরাহ করা অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ, ডিমিউচুয়ালাইজেশন ও অমনিবাস অ্যাকাউন্ট দ্রুত কার্যকর করার দাবি অন্যতম।