পুঁজিবাজারে দরপতনের ঘটনায় রাজধানীর মতিঝিল এলাকায় নিয়মিত বিক্ষোভ দেখানো এবং ভাঙচুরকারীদের সম্পর্কে খোঁজখবর নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই মুখ বারবার বিক্ষোভ ও ভাঙচুরে অংশ নেওয়ায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। বৈঠকে জাতীয় শিশুনীতি-২০১১-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, মতিঝিলে একই মুখ বারবার বিক্ষোভ ও ভাঙচুর করছে। তাদের আদৌ কোনো শেয়ার আছে কি না তা দেখা দরকার। তাৎক্ষণিকভাবে লাঠিসোটা ও ব্যানার নিয়ে কীভাবে তারা মিছিল করে? নিশ্চয় কারও ইন্ধনে পরিকল্পিতভাবে এসব হচ্ছে। তিনি ভিডিও ফুটেজ দেখে বিক্ষোভকারীদের সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন।১৮ বছরের কম বয়সীরা শিশু: ১৮ বছরের কম বয়সীদের শিশু হিসেবে বিবেচনা করে জাতীয় শিশুনীতি প্রণয়ন করা হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত জাতীয় শিশুনীতি-২০১১ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এ সম্পর্কে প্রথম আলোকে বলেন, ১৯৯৪ সালের জাতীয় শিশুনীতিকে যুগোপযোগী করার জন্য নতুন নীতি তৈরির উদ্যোগ নেওয়া হয়। আগের নীতিতে ১৪ বছরের কম বয়সীদের শিশু বলা হতো। বর্তমানে নীতির আলোকে শিশুর সার্বিক অধিকার বাস্তবায়নে নজর দেওয়া হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, নীতিটির মূল লক্ষ্য হবে বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক সনদের আলোকে শিশু অধিকার নিশ্চিতকরণ, শিশুদারিদ্র্য বিমোচন, শিশুর প্রতি সব ধরনের নির্যাতন ও বৈষম্য দূর করা, তার অধিকার বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করা, শিশুদের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপে তাদের অংশগ্রহণ ও মতামত নেওয়া নিশ্চিত করা।নীতি অনুযায়ী, কিশোর-কিশোরী বলতে ১৪ থেকে ১৮ বছরের কম বয়সী শিশুদের বোঝাবে। নীতিতে প্রতিবন্ধী শিশুর জন্য বিশেষ কার্যক্রম হাতে নেওয়ার কথাও বলা হয়েছে। এ ছাড়া শিশুর জন্ম নিবন্ধন, অনগ্রসর ও নৃ-তাত্ত্বিক শিশুর জন্য বিশেষ কার্যক্রম, দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সময় শিশুর সুরক্ষা, শিশুশ্রম নিরসনের পদক্ষেপসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।