পুঁজিবাজারে ব্যাংকের সংশ্লিষ্টতা কমিয়ে আনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের সংশ্লিষ্টতা পর্যায়ক্রমে কমিয়ে আনা হবে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। খবর ইউএনবির।অর্থমন্ত্রী জানিয়েছেন, তিন বছরের মধ্যে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের আইনি সীমা পরিশোধিত মূলধনের ২৫ শতাংশে নামিয়ে আনা হবে। তবে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে এখন অনুমোদিত এই বিনিয়োগসীমা নির্ধারণ করা হবে ৪০ শতাংশ।সচিবালয়ে গতকাল রোববার পুঁজিবাজার উন্নয়নবিষয়ক এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থমন্ত্রীর মতে, ব্যাংকের জন্য এই বিনিয়োগসীমা পর্যাপ্ত। তিনি আরও বলেন, পুঁজিবাজার মূলধন সংগ্রহের জন্য আদর্শ স্থান হয়ে উঠছে। বিনিয়োগকারীরাও আসছেন। তবে কিছু ফাটকাবাজারি এখানে গোলমাল করছেন।সরকারের চার বছরে পুঁজিবাজার বিনিয়োগের জন্য ভালো স্থানে পরিণত হয়েছে উল্লেখ করে মুহিত আরও বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে পুঁজিবাজারের বড় কোনো সম্পর্ক নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সম্প্রসারিত ঋণ কর্মসূচির দ্বিতীয় কিস্তির অর্থ কবে পাওয়া যাবে, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘চলতি মাসের শেষে বা আগামী মাসের প্রথম দিকে পাওয়া যাবে।’