পুঁজিবাজারে সরকারের তেমন সম্পৃক্ততা নেই: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের মধ্যে একটি ধারণা, ‘লাভ হলে নিজের আর ক্ষতি হলে সরকারের।’ যদিও পুঁজিবাজারে সরকারের তেমন সম্পৃক্ততা নেই। এ ক্ষেত্রে মানুষের মধ্যে সচেতনতা প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে বিদ্যমান যত আইন ও নিয়মকানুন রয়েছে, সেগুলোর ব্যাপক প্রচার করতে হবে। সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে।
আজ রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের শেয়ারবাজারে বিনিয়োগের যে নিয়মকানুন রয়েছে, সেসবের ব্যাপক প্রচার চালাতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে পুঁজিবাজারের অবদান বৃদ্ধি পাচ্ছে। এই অগ্রযাত্রাকে বেগবান করার লক্ষ্যে আমরা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। বিদ্যমান অনেক আইন সংশোধন ও নতুন আইন করা হয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, লেনদেন স্বচ্ছ ও জবাবদিহি করতে স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হয়েছে। বাজার তদারকির জন্য সার্ভিল্যান্স ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পুঁজিবাজার-সংশ্লিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অঙ্গনে বাংলাদেশের পুঁজিবাজার দ্রুত বিকাশমান ও সম্ভাবনাময় বলে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন। বিএসইসি সূত্রে জানা যায়, রাজধানীর শেরেবাংলা নগরে প্রায় এক বিঘা জমির ওপর বিএসইসির নিজস্ব অর্থায়নে এই ভবন নির্মাণ করা হবে। ১০তলা এই ভবনের নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৮৬ লাখ টাকা। আগামী জানুয়ারিতে ভবনের কাজ শুরু হওয়ার কথা, যা শেষ হবে ২০১৫ সালের ডিসেম্বরে।