পুঁজিবাজারের মামলার নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী সাংবাদিকদের বলেন, ১৯৯৬ সালে পুঁজিবাজার কারসাজির পরে যেসব মামলা হয়েছিল, সেগুলোর নিষ্পত্তির জন্য কমিটি বিশেষ আদালত গঠনের সুপারিশ করেছে। এ জন্য প্রয়োজনে কমিটি আইনমন্ত্রীকে চিঠি দেবে।কমিটির আরেক সদস্য মাঈন উদ্দীন খান বাদল বলেন, পুঁজিবাজার বিষয়ে অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) সরকারের মুখাপেক্ষী থাকতে হয়। কমিটি এই জটিলতা এড়াতে এবং পুঁজিবাজারকে গতিশীল করতে স্বাধীন এসইসি গঠনের প্রস্তাব করেছে। কমিটি ঝুঁকি সম্পর্কে বিনিয়োগকারীদের সচেতন করে বিজ্ঞাপন দেওয়ারও সুপারিশ করেছে।সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য খান টিপু সুলতান, বজলুল হক হারুন ও আমিনা আহমেদ এবং এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।