পুঁজিবাদী ব্যবস্থাকে 'না' বলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বিদ্যমান দুষ্ট ব্যবস্থাকে ‘না’ বলা প্রয়োজন। মূলধারার রাজনীতিকেরা সেটা করেন না। তাঁরা চান ব্যবস্থাটাকে চালু রেখে তার থেকে সুবিধা নিতে। বামপন্থীরা করেন, কিন্তু তাঁদের তেমন জোর দেখা যায় না। কাজটা বিশেষভাবে করার কথা বুদ্ধিজীবীদের। তাঁরা করেন, আবার করেনও না। সুবিধা যেটুকু হওয়ার বিদ্যমান ব্যবস্থারই হয়। ভীষণ অসুবিধা সাধারণ মানুষের।

 ‘মানা এবং না-মানার প্রশ্ন’ শীর্ষক নেহরীন খান স্মৃতি বক্তৃতায় সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। তিনি আগের এবং বর্তমানের মধ্যে ফারাক বোঝানোর জন্য বলেন, এখন দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট না করে বরং তাঁদের ডাক পেলে সাড়া দিতে হুড়োহুড়ি পড়ে যায়।

গতকাল বুধবার রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়টিতে আয়োজিত এ বক্তৃতা অনুষ্ঠানে সিরাজুল ইসলাম চৌধুরী বুদ্ধিজীবীদের প্রসঙ্গে বলেন, পৃথিবীটাকে বদলানোও তাঁদের কাজ। বিদ্যমান ব্যবস্থাকে প্রশ্ন করা, তার অসম্পূর্ণতাকে মেনে না নেওয়া এবং তাকে বদলানো বুদ্ধিজীবীর কর্তব্যের মধ্যেই পড়ে। কোনো বুদ্ধিজীবীই বুদ্ধিজীবী নন, যদি তিনি হৃদয়বান না হন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান ও হামীম খানের একমাত্র সন্তান শিক্ষাবিদ নেহরীন খান গত বছর ৩৯ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী নেহরীন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভে (ইউডা) সহকারী অধ্যাপক ছিলেন। আকবর আলি খানের আর্থিক সহায়তায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এ বছর থেকে নেহরীনের জন্মদিনে স্মৃতি বক্তৃতা এবং সম্মাননা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে নেহরীন খান স্মৃতি বক্তৃতা শেষে সিরাজুল ইসলাম চৌধুরীকে সম্মাননা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য এম এম শহীদুল হাসান। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম। নেহরীন খানকে নিয়ে স্মৃতিচারণ করেন সহপাঠী এবং বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক ফারহানা জেরিন বাসার।