পুঁটিমারীতে অনশন চলছে শিশু ও বৃদ্ধদের প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের দাবিতে পঞ্চগড়ে ভারতের ছিটমহল পুঁটিমারীর বাসিন্দারা অনশন চালিয়ে যাচ্ছে। তবে শিশু ও বৃদ্ধরা গতকাল মঙ্গলবার অনশন প্রত্যাহার করেছে।পঞ্চগড়-১ (আটোয়ারী-সদর-তেঁতুলিয়া) আসনের সাংসদ মজাহারুল হক প্রধান শিশু ও বৃদ্ধদের ফলের রস পান করিয়ে অনশন ভাঙান।ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মো. মইনুল হক বলেন, ‘স্বাস্থ্যের কথা চিন্তা করে সাংসদের অনুরোধে শিশু ও বৃদ্ধরা অনশন প্রত্যাহার করেছেন। তবে ছিটমহল বিনিময়ের দাবি আদায় না হওয়া পর্যন্ত “হয় মৃত্যু, নয় নাগরিকত্ব” স্লোগান নিয়ে আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। ভারতের পশ্চিমবঙ্গ সরকারের কোনো ইতিবাচক সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।’সাংসদ মজাহারুল হক গতকাল অনশন মঞ্চে গিয়ে শিশু ও বৃদ্ধদের ফলের রস পান করিয়ে অনশন ভাঙান। এ সময় ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গারাতি ছিটমহলের চেয়ারম্যান মফিজার রহমান, শালবাড়ী ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।কোচবিহারে অনশন চলছে: কলকাতা প্রতিনিধি জানান, ভারত ও বাংলাদেশের ১৬২টি ছিটমহল অবিলম্বে বিনিময়ের দাবিতে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমায় শুরু হওয়া অনির্দিষ্টকালের আমরণ অনশনের গতকাল মঙ্গলবার ১৬ দিন পার হয়েছে। শহরের সংহতি ময়দানে ১২ মার্চ থেকে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ডাকে এই অনশন শুরু হয়।ফরোয়ার্ড ব্লকের সমর্থন: এদিকে আমরণ অনশন আন্দোলনে সমর্থন জানিয়েছে ফরোয়ার্ড ব্লক।গতকাল বিকেলে ফরোয়ার্ড ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস প্রথম আলোকে বলেন, ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী ফরোয়ার্ড ব্লক ছিটমহল সমস্যার অবিলম্বে সমাধান চাইছে। তিনি বলেন, ফরোয়ার্ড ব্লকের পক্ষ থেকে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে একটি প্রতিনিধিদল পাঠানো হবে। সেখানে ছিটমহল সমস্যা সমাধানের জোর দাবি জানানো হবে। একই সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তিরও সমাধান চাওয়া হবে।