পুঁথির ঘরে বসবাস

ঘরটিতে ঢুকতেই পুরোনো ও নতুন বইয়ের গন্ধ নাকে এসে লাগে। প্রথমেই মনে হলো, ঘরের মধ্যে বিশাল আকৃতির আলমারিতে অসংখ্য বই, তা আর এমন কী? কত মানুষের বাড়িতেই তো থাকে এমন।
কিন্তু আস্তে আস্তে ঘোর লাগা শুরু। কেচ্ছা আলেফ লায়লা, কাছাছল আম্বিয়া, ছহি বড় আমির হামজা, গোলে বাকাওলী, দারা ছেকান্দর নামা, হাতেম তই, গাজি কালু ও চম্পাবতী, জৈগুনের পুঁথি, সোনাভান, সহিদে কারবালা, শিরী ফরহাদসহ প্রায় ২০টি পুঁথি বের হলো আলমারি থেকে। পুঁথির বেশির ভাগই উল্টো দিক থেকে বাংলায় লেখা।
আলমারির এক জায়গা থেকে বের হলো ‘আরকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য’, অব্দ লেখা আছে ১৬০০-১৭০০ (ইংরেজি ১৯৩৫)। বইটির মূল্য দেড় টাকা। সম্পাদনা করেছেন ডক্টর মুহম্মদ এনামুল হক ও আবদুল করিম সাহিত্যবিশারদ। ১৯৭৭ সালের ধান শালিকের দেশ, ১৩৮৩ সালের কিশোর বাংলা ঈদসংখ্যা, নবারুণ সচিত্র কিশোর মাসিক পত্রিকার বিভিন্ন সংখ্যা। এখানেই তো শেষ নয়। ১৩৪৭-এর শিশু সওগাত, ১৯৬০ সালের বিদেশি পত্রিকা দ্য ন্যাশনাল জিওগ্রাফি বা রিডার্স ডাইজেস্ট-এর বিভিন্ন সংখ্যা। ১৩৫০-এর হাতে লেখা ঈদসংখ্যাও আছে। কলকাতার বুলবুল কার্যালয় থেকে মুহম্মদ হবীবুল্লাহ ও বেগম শামসুন নাহার সম্পাদিত বুলবুল সচিত্র মাসিকপত্রের বিভিন্ন সংখ্যা, ঠাকুরমার ঝুলি, নেয়ামুল কোরআন, মহাভারত, বাইবেল, রবীন্দ্র রচনাবলী, শরৎ সাহিত্য সমগ্র, বিমল মিত্রের সাহেব বিবি গোলাম, এক টাকা মূল্যের ১৯৪১ সালের আজাদ-এর ঈদসংখ্যা, ১৯৩৮ সালের হানাফী পত্রিকা, মুহম্মদ জাফর ইকবাল, হুগমায়ূন আহমেদ, আনিসুল হকের বইসহ আছে নানান কিছু।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রায়েরবাজারে পূরবা গৃহ গ্রন্থাগারে গিয়ে ঘোর লাগা বাড়তেই থাকে। এটি একটি পারিবারিক উদ্যোগ। এ গ্রন্থাগারে বর্তমানে ২০টি পুঁথিসহ নানান বিষয়ে বই-পুস্তক, পত্রপত্রিকাসহ প্রায় সাড়ে তিন হাজার বই আছে। শুধু অভিধানই আছে দেড় শ। পাড়ার ছেলেমেয়েরা স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানের আগে এসে ঢুঁ দেয় সে বিষয়ে তথ্য সংগ্রহের জন্য।
১৯৫১ সালে গেন্ডারিয়ার ৭৩ ডিস্টিলারি রোডে ছোট ছোট আলমারি দিয়ে পূরবা গ্রন্থাগারের যাত্রা শুরু। উদ্যোক্তা ছিলেন কাজী নূরুল হক এবং তাঁর বোন কাজী আমিনা বেগম। তাঁরা বেঁচে নেই। আমিনা বেগমের কোনো সন্তান ছিল না। কাজী নূরুল হকের চিকিৎসক ছেলে কাজী সাইফউদ্দীন বেন্নূর ও মেয়ে কাজী নূর সিতানসহ স্বজনেরা আগলে রেখেছেন গ্রন্থাগারটি।
ঢাকা শহরে বিভিন্ন ভাড়া বাসায় থাকার পর ১৯৮২ সালে কাজী নূরুল হক রাজধানীর রায়েরবাজারে দোতলা একটি বাড়ি করেন। তাঁর ছেলে বাড়িটির পরিধি চারতলা পর্যন্ত বাড়িয়েছেন। বর্তমানে চারতলার বেশির ভাগ অংশ বরাদ্দ এ গ্রন্থাগারের জন্য।
পারিবারিক গ্রন্থাগারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে অনেক স্মৃতি। ১৯৪৬ সালে কাজী নূরুল হককে লেখা আবদুল করিম সাহিত্যবিশারদের চিঠিটি যত্ন করে রাখা। নূরুল হকের বোন কাজী আমিনা বেগম বরিশালের স্বরূপকাঠি থানার একটি স্কুলের ছাত্রী থাকা অবস্থায় রবীন্দ্রনাথকে চিঠি লেখেন। রবীন্দ্রনাথ সে চিঠির উত্তরও দেন। তা বাঁধাই করে গ্রন্থাগারের দেয়ালে ঝোলানো আছে। আর আমিনা বেগমের চিঠিটি সংরক্ষিত আছে শান্তিনিকেতনে। আমিনা বেগম ঢাকা কলেজের বাংলার অধ্যাপক ছিলেন।
বরিশালের কাজী নূরুল হক ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহর ছাত্র। কলকাতায় নূরুল হক দৈনিক আজাদ-এর সহসম্পাদক ছিলেন। ১৯৫০ সালে কলকাতা থেকে ঢাকায় চলে আসেন। তিনি সাপ্তাহিক রোববার-এর সম্পাদকও ছিলেন।
কাজী নূরুল হকের ছেলে ও মেয়ে যখন প্রতিবেদককে গ্রন্থাগারের বিভিন্ন বইপত্র দেখাচ্ছিলেন তখন তাঁদের সন্তানেরা সাহায্য করছিল। বেননূর যখন সেবা প্রকাশনীর মাসুদ রানাসহ বিভিন্ন বইগুলো দেখাচ্ছিলেন পাশ থেকে বোন সিতান মনে করিয়ে দিলেন, ‘এইগুলো তো তুমি পড়ার বইয়ের মধ্যে নিয়ে লুকিয়ে পড়তে।’ পুরোনো দিনের কথা মনে উঠতেই ভাই-বোন হেসে উঠলেন।
বেননূর বললেন, ‘বাবা চেয়েছিলেন পারিবারিক গ্রন্থাগার হবে, তবে তা অন্যদের কাজে লাগবে। নানান ব্যস্ততার কারণে বাবার ইচ্ছা এখন পর্যন্ত ততটা পূরণ করতে পারিনি। অন্যরা এখানে বসে বা বাড়িতে বই নিয়ে যাতে পড়তে পারে সেদিকে আমরা এগোচ্ছি।’