পুকুর ইজারা নিয়ে বালু কাটায় হুমকিতে সড়ক
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের করাচিপাড়ায় সরকারি পুকুর ইজারা নিয়ে বালু কাটা ও অবৈধভাবে বসতি স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। এতে টেকনাফ-শাহপরীর দ্বীপ-কক্সবাজার সড়ক ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে পুকুরের কিছু অংশ ধসে গেছে।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, উপজেলার সাবরাং ইউপি কমপ্লেক্স থেকে করাচিপাড়া সড়কের দক্ষিণ পাশের পুরাতন কমিউনিটি সেন্টারের সরকারি পুকুরপাড়ের বালু কেটে কয়েকজন শ্রমিক ঠেলাগাড়িতে তুলছেন। পুকুরের পূর্ব পাশের বালু কেটে সাবাড় করা হয়েছে। পশ্চিম পাড়ে (সড়কসংলগ্ন) পাঁচ-ছয় ফুট মাটি ধসে গেছে।
পুকুরের ইজারাদার মোহাম্মদ জাম্মান ওরফে মাহাজ্জামা বলি জানান, উপজেলা পরিষদের কাছ থেকে পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করছেন তিনি। কিন্তু স্থানীয় প্রভাবশালী তোফায়েল আহমদ ও মোক্তার আহমদসহ কয়েকজন পুকুরের বালু কেটে বিক্রি করছেন এবং সেখানে কয়েকটি অবৈধ বসতি স্থাপন করা হয়েছে। প্রভাবশালী হওয়ায় এ কাজে তাঁদের বাধা দেওয়া যাচ্ছে না।
পুকুরপাড়ে বসতি স্থাপন করা আবু বক্কর ও ছৈয়দ নূর বলেন, ডেগিল্লাবিলের তোফায়েল আহমদ ও মোক্তার আহমদসহ কয়েকজনের কাছ থেকে ১১ হাজার টাকা করে দিয়ে বসতির জায়গা কিনে ঘর তৈরি করেছেন তাঁরা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে তোফায়েল আহমদ ও মোক্তার আহমদ অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় আছারবনিয়া সমবায় সমিতির সভাপতি নূর মোহাম্মদ জানান, বালু কেটে অন্যত্র বিক্রি করায় হুমকির মুখে পড়ছে সড়কটি। সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে একাধিকবার অভিযোগ করা হয়েছে। তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এলাকাবাসীর গণস্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ইউএনও শাহ মোজাহিদ উদ্দিন বলেন, পুকুরপাড় থেকে বালু কাটা এবং সেখানে বসতি স্থাপনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।