পুকুর খননে অনিয়ম দুর্নীতির অভিযোগ
সিরাজগঞ্জের নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এই প্রকল্পের অধীনে ১৩৫টি পুকুরে খননকাজ করার কথা। কিন্তু অধিকাংশ পুকুর খনন না করে পাড় বেঁধেই সংস্কারকাজ শেষ করা হচ্ছে। এতে ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পকেট ভারী হলেও পুকুরগুলো বরাদ্দ পাওয়া মৎস্যজীবীরা মাছ চাষে ভোগান্তি পোহাবেন বলে অভিযোগ করেছেন।
সংশ্লিষ্ট প্রকল্প কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ছয় বছরমেয়াদি সমাজভিত্তিক মৎস্য চাষ ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে মাছের উৎপাদন বাড়াতে প্রকল্পটি হাতে নেওয়া হয়। এই প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ ও পাবনার চাটমোহর উপজেলার ৭৮৩টি খাসপুকুরের মধ্যে ৫৫৮টি পুকুর মাছ চাষের জন্য মৎস্যজীবীদের নামে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ১৩৫টি পুকুর খনন ও সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দফায় গত ২৭ অক্টোবর ৫৫টি পুকুরের বিপরীতে ৩ কোটি ২৬ লাখ এবং দ্বিতীয় দফায় গত ২১ ডিসেম্বর ৮০টি পুকুর, দুটি কার্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণসহ ৩ কোটি ৮৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। চলতি বছরের ২৪ জানুয়ারি ও ১০ মার্চ পৃথক দুটি কার্যাদেশের মাধ্যমে দুই দফায় সংশ্লিষ্ট ঠিকাদারদের ১২০ দিনের মধ্যে কাজ সম্পন্ন করতে বলা হয়। নিয়মানুযায়ী এসব পুকুরের পাড় বাঁধাসহ তলদেশে গড়ে আড়াই থেকে তিন ফুট গভীর করে খনন করার কথা।
১৭ ও ১৮ মে তাড়াশ ও রায়গঞ্জ ঘুরে দেখা গেছে, অধিকাংশ পুকুরের তলদেশ থেকে মাটি না কেটে এক্সকাভেটর দিয়ে (মাটি কাটার যন্ত্র) কেবল চারপাশ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে। সেই মাটিও কেটে রেখে দেওয়া হয়েছে পুকুরের পাড়েই। বৃষ্টিতে এরই মধ্যে এসব পুকুরের মাটি কাদায় পরিণত হয়েছে। বেশির ভাগ পুকুর থেকেই এক্সকাভেটর তুলে নেওয়া হয়েছে। কোথাও কোথাও শ্রমিকেরা কোদাল দিয়ে পুকুরের কাদা হয়ে যাওয়া মাটি কাটছেন।
তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বড় নীতিশাল ও ছোট নীতিশাল নামের দুটি পুকুর সংস্কারের কাজ সম্পন্ন দেখানো হয়েছে। এই দুটি পুকুরের বিপরীতে বরাদ্দ ৩০ লাখ টাকা। তবে স্থানীয় লোকজনের অভিযোগ, এই দুটি পুকুরের চারপাশের মাটি কাটা হলেও মাঝের মাটি কাটা হয়নি।
এসব পুকুরের সংস্কারকাজে নিয়োজিত ঠিকাদার প্রদীপ কুমার বলেন, ‘এখানে একটি এক্সকাভেটর দিয়ে কাজ চলছে। আরও দুটি আসবে। ওই দুটি এলে নির্দিষ্ট সময়েই কাজ শেষ হবে। কোনো অসুবিধা হবে না।’
সংস্কারকাজ তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, দুটি লটের মধ্যে প্রথম লটের সিংহভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারদের চাপ দেওয়া হচ্ছে।
তবে প্রকল্প পরিচালক আবদুস সালাম দাবি করেন, যথাযথ নিয়মেই পুকুর খনন চলছে। তিনি বলেন, বরাদ্দ দেরিতে পাওয়ায় কাজের দরপত্র আহ্বান ও তা শুরু করতে কিছুটা দেরি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যেই সব পুকুরের খননকাজ শেষ হবে। আর তা না হলে পরের বছর কাজ করা হবে।