পুকুর খননে পুকুর চুরি!
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অবস্থিত সান্তাহার মাৎস্য গবেষণা ইনস্টিটিউট প্লাবনভূমি উপকেন্দ্রের ১০টি পুকুর পুনর্খননের নামে পুকুর চুরির অভিযোগ উঠেছে।জানা গেছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগের অধীনে এই কেন্দ্রের ১০টি পুকুর পুনর্খননের জন্য দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। ঠিকাদারির দায়িত্ব পেয়েছেন সিরাজগঞ্জের আবদুস সাত্তার নামের এক ঠিকাদার। ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে ১০ লাখ ৪৩ হাজার টাকা। জানা গেছে, দরপত্র অনুযায়ী প্রতিটি পুকুর আড়াই থেকে তিন ফুট গভীর করে খনন করার কথা থাকলেও ঠিকাদারের লোকজন পুকুরের পাড় থেকে ঢালুর অংশটুকু চেঁছে সমান করে দিয়েছে। পুকুরের তলায় কোনো মাটি কাটা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, প্রতিটি পুকুরে ‘মাটি কাটা’ বাবদ খরচ হয়েছে ১৫ থেকে ২০ হাজার টাকা। অথচ প্রতিটি পুকুরের জন্য ব্যয় ধরা রয়েছে এক লাখ চার হাজার ৩০০ টাকা। ইতিমধ্যে পাঁচটি পুকুর পুনর্খননের কাজ শেষ করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম জানান, তাঁকে পুকুর খননের বিষয়ে কোনো প্রকার কাগজপত্র সরবরাহ করা হয়নি। এমনকি তাঁর কাছে দরপত্রের কোনো কপি পর্যন্ত নেই। তিনি বলেন, ‘কাজ দেখাশোনার দায়িত্বে আছেন মৎস্য দপ্তরের প্রকৌশল বিভাগের মামুন নামের একজন প্রকৌশলী। কীভাবে ও কত গভীর করে মাটি কাটতে হবে তা তিনিই জানেন।’ বিষয়টি জানার জন্য প্রকৌশলী মামুনের সঙ্গে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরে ‘রং নাম্বার’ বলে বারবার কেটে দেন।গত মঙ্গলবার ওই প্রতিষ্ঠানে গিয়ে প্রকৌশলী ও ঠিকাদার কাউকেই পাওয়া যায়নি। তবে ঠিকাদারের নিয়োগ দেওয়া প্রভাবশালী মুক্তা খানের দেখা মেলে। তিনিই কাজের তদারক করছেন। তিনি বলেন, ‘ঠিকাদার সাত্তার অত্যন্ত ব্যস্ত মানুষ। তাই সব সময় থাকতে পারেন না। মাঝেমধ্যে তিনি আসেন এবং কাজ দেখাশোনা করেন।’ মুক্তা খান দাবি করেন, দরপত্র অনুযায়ী ষোলআনা কাজ হচ্ছে। ঠিকাদার আবদুস সাত্তার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘দরপত্র অনুযায়ী কাজ হচ্ছে। কোনো অনিয়ম হচ্ছে না।’ সান্তাহার এলাকার পুকুর ব্যবসায়ী দুলাল হোসেন বলেন, যে পাঁচটি পুকুরে মাটি কাটা হয়েছে সেখানে সর্বোচ্চ ৭০ থেকে ৮০ হাজার টাকার বেশি খরচ হতে পারে না। তিনি বলেন, ১০টি পুকুর যদি একইভাবে খনন করা হয়, তাহলে সরকারের প্রায় আট লাখ টাকার বেশি গচ্চা যাবে।