খুলনা অঞ্চলে সুপেয় পানির সংকট
পুকুর খননে বেসরকারি প্রতিষ্ঠানকে বেশি অর্থ বরাদ্দ করার আহ্বান
খুলনা অঞ্চলের পানি লবণাক্ত হওয়ায় সুপেয় পানির জন্য মানুষকে পুকুরের পানির ওপর নির্ভর করতে হয়। চলতি বছর সরকারিভাবে খুলনায় বেশ কিছু পুকুর সংস্কার করা হবে। পাশাপাশি বেসরকারিভাবে অর্থ পেলে প্রশাসন পুকুর খননের জন্য সরকারি খাসজমি বরাদ্দ দেবে।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ গতকাল বুধবার একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। তিনি পুকুর খননের জন্য বেশি করে অর্থ বরাদ্দ রাখতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
দুপুরে নগরের একটি হোটেলের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) খুলনা অঞ্চল। ‘নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (এনজেএলআইপি)’ কার্যক্রম অবহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সামাদ বলেন, সুন্দরবনকে রক্ষার জন্য বনে প্রবেশ নিষিদ্ধের দাবি রয়েছে। কিন্তু বিকল্প জীবিকায়ন না থাকায় বর্তমানে সীমিত আকারে জেলেদের বনে যেতে দেওয়া হচ্ছে। দুই বছরের মধ্যে তা-ও বন্ধ করা সম্ভব হবে। এর মধ্যেই বনজীবীদের বিকল্প জীবিকায়নের সন্ধান দিতে হবে। তাদের বিকল্প কাজ দেওয়ার পাশাপাশি দক্ষ করে তুলতে হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন এসডিএফের ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন ও বিশ্বব্যাংকের প্রতিনিধি সুগত তালুকদার। আলোচনা করেন পরিবেশ বিভাগ খুলনার উপপরিচালক মল্লিক আনোয়ার হোসেন, যুব কর্মসংস্থান খুলনার উপপরিচালক খান মাহবুবুজ্জামান, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আবদুল লতিফ, জেলা প্রাণিসম্পদ বিভাগের সহকারী পরিচালক অরুণ কান্তি মণ্ডল ও খুলনা শিপইয়ার্ডের কামরুজ্জামান। প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এসডিএফের খুলনা অঞ্চলের পরিচালক মো. গোলাম ফারুক।