পুকুর খননের নামে প্রকল্পের টাকা আত্মসাতেরঅভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আওয়ামী লীগের নেতার ছেলের বিরুদ্ধে সরকারি একটি প্রকল্পের আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। খাস পুকুর খননের নামে আওয়ামী লীগের ওই নেতার ভাইয়ের একটি পুকুর খনন করে ওই টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে এফসিডিআই প্রকল্পের আওতায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের লাহিড়ীপাড়ার দক্ষিণ মোহনপুর মৌজার খাস খতিয়ানভুক্ত ১৮৩০ ও ২১২৪ দাগের দুই দশমিক ৮ একর জমির কালীবাড়ি পুকুর খনন ও সংস্কার করার জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালামের ছেলে রকিবুল ইসলামকে প্রকল্প কমিটির সভাপতি করা হয়। গত ৩০ এপ্রিল প্রকল্পটির কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ গত ৩১ মে শেষ হয়ে গেছে।
গ্রামবাসী অভিযোগ করেন, ১৮৩০ নম্বর দাগের দশমিক ৪৯ একর জমিতে থাকা পুকুরটি স্থানীয় লোকজন সরকারিভাবে মসজিদের উন্নয়নের জন্য ইজারা নিয়ে স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলামকে দিয়েছেন। একই মৌজার ২১২৪ নম্বর দাগের এক দশমিক ৫৯ একর জায়গায় খননের জন্য প্রকল্প অনুমোদন করা হয়। এ দুই স্থানের পুকুর খনন না করে আবুল কালামের ছোট ভাই ফারুক আহমেদের জমির একটি পুকুর খনন দেখিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে। পুকুরটি গত বছর ফারুক নিজের টাকায় খনন করে মাটি কেটে বাড়িতে উঠিয়েছিলেন। এবার শুধু পাড়ের ওপর মাটি ফেলা হয়েছে। ফারুক নিজেই টাকা খরচ করে এ কাজ করিয়েছেন।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, প্রকল্পভুক্ত দুটি পুকুর খনন করা হয়নি। আবুল কালাম দাবি করেন, ফারুকের জায়গার সঙ্গে খাস খতিয়ানভুক্ত জমি আছে। এটিও কালীবাড়ি পুকুর নামে পরিচিত। এ কারণে এখানে কাজ করা হয়েছে। রকিবুল ইসলাম জানান, গত বছর উপজেলায় মৎস্য কার্যালয়ে ‘অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ দরিদ্র এলাকার জনগণের দারিদ্র্য বিমোচন’ নামে একটি প্রকল্প দাখিল করা হয়েছিল। সেটি অনুমোদন না হওয়ায় পরে খাস খতিয়ানভুক্ত জমির দুটি দাগ উল্লেখ করে চলতি বছর প্রকল্প অনুমোদন করা হয়। তবে আগের দাখিল করা প্রকল্পের স্থানেই পুকুর খনন করা হয়েছে। দু-এক দিনের মধ্যে চলতি বছরের প্রকল্পভুক্ত এলাকায় খননকাজ শুরু করা হবে। দুই কিস্তি আড়াই লাখ টাকা উত্তোলন করার কথা তিনি স্বীকার করেছেন।
প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা জেলা মৎস্য কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নূরুল ইসলাম জানান, ‘আমরা শুধু কালীবাড়ি নামের পুকুরটি দেখাশোনা করেছি। দাগ নম্বর এবং এটি খাস খতিয়ানভুক্ত কি না তা আমাদের নজরে আসেনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তিনি এখানে সম্প্রতি যোগদান করেছেন। এ কারণে বিষয়টি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানেন না। তবে এ প্রকল্পের আওতায় ব্যক্তিগত জায়গায় কাজ করার নিয়ম নেই।