পুকুর খননের সময় প্রাচীন আমলের সিন্দুক উদ্ধার
রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুর খননের সময় প্রাচীন আমলের একটি সিন্দুক পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সিন্দুকের ভেতরে থাকা মুদ্রা ও অন্যান্য জিনিস স্থানীয় লোকজন নিয়ে গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বালানগর গ্রামের বাবুল হোসেন খননযন্ত্র দিয়ে তাঁর একটি পুকুর খনন করছিলেন। দুপুরের দিকে একটি সিন্দুক খননযন্ত্রে আটকে যায়। পরে সিন্দুকটির তালা ভেঙে স্থানীয় লোকজন ভেতরে থাকা প্রাচীন মুদ্রা ও অন্যান্য জিনিস নিয়ে চলে যায়। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সিন্দুকটি উদ্ধার করে। এ সময় পুকুরের মালিকের কাছ থেকে একটি রৌপ্যমুদ্রা উদ্ধার করে পুলিশ।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সিন্দুক পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে থাকা জিনিসপত্র লুট হয়ে গেছে। তবে পুকুরের মালিক বাবুল হোসেন দাবি করেছেন, তিনি শ্রমিকদের কাছ থেকে একটি মাত্র মুদ্রা উদ্ধার করেছেন।