পুকুর গ্রাস করতে নানা কৌশল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকায় অবস্থিত পৌরসভার মালিকানাধীন পুকুরের পাড় স্থানীয় কয়েক ব্যক্তি দখলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে খোদ পৌর কর্তৃপক্ষ পুকুরের উত্তর-দক্ষিণে ময়লা ফেলার জন্য বড় আকারের তিনটি জায়গা (ডাস্টবিন) তৈরি করে দিয়েছে।

এলাকার কয়েকজন অভিযোগ করেন, পুকুরটি ভরাটের পর তা অন্যদের দখলের সুযোগ করে দিতেই পাশে ডাস্টবিন তৈরি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এটি নায়েবের পুকুর নামে পরিচিত। কয়েক যুগ ধরে দৈনন্দিন কাজে এলাকাবাসী এই পুকুরের পানি ব্যবহার করে আসছে। ময়লা ফেলায় বর্তমানে পুকুরের পানি দূষিত হয়ে গেছে। এখন এই পানি ব্যবহার করা যাচ্ছে না। এ ছাড়া পুকুরটির পাড় দখল হয়ে গেছে। আইয়ুব আলী নামের এক ব্যক্তি পুকুরের উত্তর পাড়ে প্রায় ৩০০ ফুট জায়গা দখলে নিয়ে একটি ঘর তৈরি করে ভাড়া দিয়েছেন। পশ্চিম পাড়ে ধলাই মিয়া, আবুল হোসেন, মন্টু দাসসহ বেশ কয়েকজন পুকুরের বেশ কিছু জায়গা দখল করে নিয়েছেন। একইভাবে দক্ষিণ পাড়ে বাবুল কর্মকার, সৈয়দ হুমায়ুনসহ কয়েকজন নিজেদের জায়গার পাশে পুকুরের ২০০ থেকে ৩০০ ফুট জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন।

আইয়ুব আলী দাবি করেন, ওই জায়গার মালিকানা নিয়ে সরকারের সঙ্গে তাঁর মামলা চলছে।

অভিযুক্ত অন্য দখলদারদের দাবি, নিজেদের জায়গাতেই তাঁরা স্থাপনা নির্মাণ করেছেন।

এদিকে পুকুর দখলের প্রতিবাদে গত সোমবার বিকেলে পুকুরের পাড়ে সমাবেশ করেন চৌধুরীবাজার এলাকার বাসিন্দারা। শিগগিরই পৌরসভার পুকুরটি দখলমুক্ত করে সীমানা নির্ধারণ ও প্রতিরক্ষা বাঁধ নির্মাণের ব্যবস্থা না নিলে শহরবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন বক্তারা।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পুকুরের চারপাশে বিভিন্ন স্থানে ময়লার স্তূপ। পুরো এলাকা দুর্গন্ধে ভরা।

যোগাযোগ করা হলে হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ বলেন, পুকুরটি জেলা প্রশাসকের খতিয়ানভুক্ত। তবে পৌরসভা এটি ভোগদখল করছে। পুকুরের জায়গা বেদখল হওয়ার বিষয়টি তাঁরা প্রশাসনকে জানাবেন। জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই ডাস্টবিনগুলো নির্মাণ করা হয় বলে তিনি দাবি করেন। পুকুরে ময়লা ফেলার বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেন মেয়র।