পুকুর থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা পুলিশ লাইনসের পুকুর থেকে গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপসহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলমের (৩১) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (ডিবি ওসি) মাহফুজার রহমান বাদী হয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

জয়পুরহাট পুলিশ ও মৃত শাহ আলমের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পুলিশ লাইনসের পুকুর থেকে শাহ আলমের লাশ উদ্ধার করে পুলিশ। শাহ আলম পাবনা জেলার চাটমহর উপজেলার চরনবীন গ্রামের জহির রায়হানের ছেলে।

জয়পুরহাট পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, শাহ আলম বৃহস্পতিবার সকালে ওই পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন। রাতে পুকুরের পাড়ে তাঁর তোয়ালে ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাইনসের পুলিশ সদস্যরা পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করেন। তিনি আরও জানান, শাহ আলম ২০০৫ সালে কনস্টেবল পদে যোগ দেন। পরে পদোন্নতি পেয়ে তিনি উপসহকারী পরিদর্শক হন। পুলিশ সুপার বলেন, শাহ আলম গোসল করতে নেমে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

শাহ আলমের ছোট ভাই সোহেল রানা গতকাল শুক্রবার মুঠোফোনে বলেন, তাঁর ভাইয়ের বড় ধরনের কোনো অসুখ ছিল না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি পরিষ্কার বোঝা যাবে।