পুকুর থেকে বালু তোলায় হুমকিতে দেড় শ ঘরবাড়ি
রংপুর নগরে আবাসিক এলাকার একটি পুকুর থেকে বালু তোলায় প্রায় দেড় শ ছিন্নমূল ও ভূমিহীন পরিবারের ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে।গতকাল শনিবার সরেজমিন ঘুরে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এরশাদনগর এলাকার চিনিয়াপাড়ার একটি বড় পুকুর থেকে বালু ব্যবসায়ী আবদুর রহমান, আবদুস সালাম ও আবদুল মান্নান দুটি শ্যালো যন্ত্র দিয়ে বালু তুলছেন। পুকুরের পাশে প্রায় দেড় শ ভূমিহীন ও ছিন্নমূল পরিবারের বাড়িঘর রয়েছে। পুকুর থেকে বালু তোলায় এসব বাড়িঘর ধসে যাওয়ার হুমকিতে পড়েছে। বালু তোলা বন্ধের দাবিতে সম্প্রতি এলাকাবাসী মানববন্ধন করেছেন এবং জেলা প্রশাসককে সঞ্চারকলিপি দিয়েছেন।এলাকার বাসিন্দা ফুলু মিয়া বলেন, ‘যেভাবে বালু তোলা হইতোছে, তাতে করি হামার ঘরবাড়ি ভাঙি পড়বে।’ মজিবর রহমান বলেন, ‘একনা ঠাঁই পাওয়ার জন্যে এটে ঘর করছি। কিন্তু পুকুর থাকি বালু তোলায় হামার ঘরবাড়ি ভাঙি যাইবে।’ আলমগীর, বাদশা আলম, শেখ নজরুল ইসলাম, দিলীপ চন্দ্র রায়সহ আরও অনেকে জানান, বালু তোলা বন্ধের দাবিতে ইতিপূর্বে এলাকায় মানববন্ধন করা হয়েছে।বালু উত্তোলনকারী আবদুর রহমান, আবদুস সালাম ও আবদুল মান্নান বলেন, তাঁরা নিজেদের পুকুর থেকেই বালু তুলছেন। এলাকার সাবেক পৌর কাউন্সিলর ইদ্রিস আলী জানান, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বালু তোলা হচ্ছে। বিষয়টি সিটি করপোরেশন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, ‘ওই এলাকায় পুকুর থেকে বালু তোলার বিষয়টি আমাদের জানা ছিল না। আপনার কাছ থেকে জানলাম। খুব শিগগির এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’ ২০১০ সালের বালুমহাল আইনে বলা আছে সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা হতে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ।