পুকুর থেকে বালু তোলায় হুমকিতে মহাসড়ক
আইন লঙ্ঘন করে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের ২৫ ফুট দূরের একটি ব্যক্তিমালিকানাধীন পুকুর থেকে বালু তোলা হচ্ছে। এতে মহাসড়কটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বালু তোলার কারণে ইতিমধ্যে পুকুরপাড়ের কিছু অংশ ধসে পড়েছে।২০০১ সালের ১৫ মার্চ যোগাযোগ মন্ত্রণালয়ের ‘নিরাপত্তা সংরক্ষণ ও চলাচল নিয়ন্ত্রণ বিধিমালা’র ৮-এর (খ) ধারায় মহাসড়কের কোনো অংশে ওপরে বা নিচে বা পরবর্তী ১০ মিটারের (৩২ ফুট) মধ্যে মাটি খনন করা বা কোনো স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার ডাঙ্গি ইউনিয়নের যদুরদিয়া গ্রামে মহাসড়কের পূর্ব পাশে মাত্র ২৫ ফুট দূরের একটি পুকুরে শ্যালো ইঞ্জিনচালিত দুটি যন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। এতে পুকুরটির পশ্চিম পাড় (মহাসড়কসংলগ্ন) পাঁচ-ছয় ফুট গভীর হয়ে মাটি ধসে পড়ছে। যন্ত্রের মালিক সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁর হাট এলাকার মো. কাশেম মিয়া ও রায়হান মিয়া।কাশেম মিয়া জানান, গত ২৯ মার্চ থেকে জ্বালানি তেল, খাবারসহ যাবতীয় খরচ বাদে প্রতিদিন ৩০০ টাকার চুক্তিতে বালু তোলা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার লোকজন জানান, মহাসড়কের পাশ থেকে যন্ত্র দিয়ে এভাবে বালু তোলা হলে মহাসড়কটি হুমকির মুখে পড়বে। এলাকাবাসী আরও জানান, এ ব্যাপারে অনেকবার তাঁরা জমির মালিককে সতর্ক করেছেন। কিন্তু জমির মালিকেরা তাঁদের কথা শুনছেন না। যন্ত্রের মালিকদের টাকা দিয়ে পুকুর থেকে বালু তোলাচ্ছেন জিন্না খান ও তাঁর ভাই চান খান। জিন্না খান বলেন, ‘আমাদের বাড়িসংলগ্ন একটি ডোবা ভরাট করার জন্য নিজেদের জমির পুকুর থেকে বালু তুলছি।’ তিনি দাবি করেন, বালু তোলায় মহাসড়কের কোনো ক্ষতি হবে না।ডাঙ্গি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, মহাসড়কসংলগ্ন জায়গা থেকে বালু তোলার বিষয়টি তাঁর জানা নেই। স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।সড়ক ও জনপথ বিভাগের ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় জানান, সরকারি বিধি অনুযায়ী সড়কের দুই পাশে ১০ মিটারের মধ্যে ব্যক্তিগত জায়গা থাকলেও সেখান থেকে বালু তোলা নিষিদ্ধ। তিনি অবিলম্বে সরেজমিনে পরিদর্শন করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান।