এক দম্পতির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পুকুরের কিছু অংশ দখল করে ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। অবৈধভাবে নির্মিত ভবনের ওই অংশ অপসারণের দাবিতে গতকাল শনিবার শহরের মুগদাপাড়া-বাগানবাড়ি এলাকার বাসিন্দারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া খ্রীষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের মালিক চিকিৎসক ডিউক চৌধুরী ও তাঁর স্ত্রী এঞ্জেলা চৌধুরী শহরের ২৫৯ নম্বর পশ্চিম পাইকপাড়া মৌজার মুন্সেফপাড়া মহল্লায় লাখিবাড়ি এলাকায় সাবেক সিএস ৮৭ নম্বর ও এসএ ১২২ নম্বর দাগের ১৩ দশমিক ২৩ শতক জমি কেনেন। ২০১৫ সালে তাঁরা ওই জমিতে বেজমেন্টসহ ১০ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত একটি নকশা অনুমোদনের জন্য পৌরসভায় জমা দেন। পৌরসভা ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি ভবনের নকশা অনুমোদন করে। একই সঙ্গে পৌরসভা এলাকায় ভবন নির্মাণের নির্দেশিকা অনুসারে তাঁদের নকশা ও লে-আউট প্ল্যান সংশোধিত আকারে অর্থাৎ উত্তরে ৬ ফুট ৫ ইঞ্চি, দক্ষিণে ৫ ফুট, পূর্বে ৭ ফুট ৮ ইঞ্চি ও পশ্চিমে ১৮ ফুট ৩ ইঞ্চি জায়গা খালি রেখে ভবন নির্মাণের অনুমতি দেয়।
পৌরসভা সূত্রে আরও জানা গেছে, এর মধ্যে অভিযোগ পেয়ে গত বছরের ৪ আগস্ট পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদের নেতৃত্ব একটি দল ওই এলাকা পরিদর্শন করেন। তারা পৌরসভার অনুমোদিত নকশা অনুসারে ভবনের চারপাশে খালি জায়গা না রাখার অভিযোগের সত্যতা খুঁজে পায়। তা ছাড়া ভবনের ভেতরে পৌরসভার মালিকানাধীন পুকুরের অংশও ঢুকে গেছে বলে দলটি অনুমান করে। নির্বাহী প্রকৌশলী ওই দিনই ডিউক চৌধুরীকে ভবন নির্মাণ বিধিমালা ১৯৯৬-সংক্রান্ত একটি চিঠি দেন। চিঠিতে ভবনের মালিক বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের পরিপন্থী কাজ করেছেন বলে অভিযোগ করা হয়।
এরপর গত বছরের ৭ আগস্ট নির্মাণাধীন ভবন এলাকায় মাপজোখ করে ভবনের ভেতরে পৌরসভার পুকুরের জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে উল্লেখ করে লাল দাগ দেওয়া হয়। পরে নির্বাহী প্রকৌশলী ১০ আগস্ট তাঁকে আরেকটি চিঠি দেন। এতে ভবনের দক্ষিণ-পূর্বাংশে পৌরসভার পুকুরের ২০ ফুট ও উত্তর-পূর্বাংশে ১৩ ফুট জায়গা দখল করে ভবন নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। চিঠিতে নির্মিত ভবনের লাল দাগ দেওয়া অংশ অপসারণ করে পুকুরের জায়গা দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
অবৈধভাবে নির্মিত ওই ভবন অপসারণের দাবিতে গতকাল এলাকাবাসীর পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আরাফাত মোশারফ খান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর খবির উদ্দিন, আইনজীবী তারিকুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তব্যে আরাফাত মোশারফ অভিযোগ করেন, পৌর কর্তৃপক্ষ ২০১৫ সালের ৬ ডিসেম্বর ডিউক চৌধুরীকে নোটিশ দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে বলেন। এরপর ২০১৬ সালের ৪, ১০, ২১ ও ৩১ আগস্ট ভবনের নির্মাণকাজ বন্ধ এবং অবৈধভাবে নির্মিত অংশ অপসারণের জন্য পৌরসভা থেকে নোটিশ দেওয়া হয়। পরে পৌরসভার জায়গায় ভবনের অবৈধ অংশ ভাঙার জন্য ১০ অক্টোবর জেলা প্রশাসকের কাছে একজন নির্বাহী হাকিম নিয়োগ চেয়ে আবেদন করে পৌরসভা কর্তৃপক্ষ। কিন্তু গত দুই মাসেও কোনো হাকিম নিয়োগ দেওয়া হয়নি।
ভবনের মালিক ডিউক চৌধুরী দাবি করেন, ‘পৌরসভা আমাকে ভবনের নকশার অনুমোদন দিয়েছেন। আমি পুকুরের কোনো দিকেই জায়গা দখল করিনি। বরং শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের পশ্চিম দিকের সীমানাপ্রাচীর থেকে প্রায় সাড়ে ৮ ফুট জায়গা ছেড়ে ভবন নির্মাণ করেছি। তা ছাড়া চারদিক থেকে পৌরসভার পুকুরের জায়গা ঠিক আছে কি না তা মেপে দেখা উচিত। কারণ, দাগ অনুযায়ী পুকুরের প্রস্থ ১১৯ শতক। কিন্তু বর্তমানে আছে ১২১ শতক। জায়গা তো এমনিতেই বেড়ে আছে। তাহলে আমি কীভাবে দখল করলাম।’
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার হোসেন বলেন, জেলা প্রশাসনের আমিন ও পৌরসভার আমিনের উপস্থিতিতে মাপজোখ করা হয়েছে। ডিউক চৌধুরী যা বলছেন, তা সঠিক নয়। তিনি পৌরসভার পুকুরের জায়গা দখল করে ভবন নির্মাণ করেছেন। এসব বিষয়ে তাঁকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তিনি শুরু থেকেই সব ধরনের আইন অমান্য করে ভবন নির্মাণ করছেন। পৌরসভার জায়গা উদ্ধারের জন্য যা যা করণীয় সবই করা হবে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, ‘জায়গার মালিক পৌরসভা। বিষয়টি তাদেরই সমাধান করার কথা। তবে বিষয়টি খোঁজ নিয়ে পৌরসভার সঙ্গে কথা বলব।’