পুকুর দখল করে স্কাউটস ভবন নির্মাণের অভিযোগ
বাংলাদেশ স্কাউটসের ভোলা শাখা সরকারি পুকুর দখল করে এবং পৌর ও ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। কাজ বন্ধের জন্য ভোলা পৌরসভা নোটিশ দিলেও স্কাউটস কর্তৃপক্ষ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।ভোলা শহরের বাংলা স্কুলের পাশে সরকারি পুকুরের একাংশ দখল করে ওই ভবন নির্মাণ করা হচ্ছে। স্কাউটস কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে পুকুরের পাড় ইজারা নিয়েছে বলে জানা গেছে।ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, স্কাউটস পৌর ও ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণ করছে। ভবন নির্মাণ বন্ধের জন্য তাদের লিখিত নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও দেওয়া হয়েছে।বাংলাদেশ স্কাউটসের ভোলা শাখার সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান নোটিশ পাওয়ার কথা স্বীকার করে জানান, তাঁরা তিনতলা ভবন নির্মাণের জন্য ভিত্তি (ফাউন্ডেশন) দিয়েছেন। কিন্তু পৌরসভা থেকে নকশা অনুমোদন করাননি। পুকুরের একাংশ দখল করার অভিযোগ স্বীকার করে তিনি বলেন, ‘নকশা অনুমোদন ও ভবন নির্মাণের অনুমতি পাব না—এ আশঙ্কায় পৌরসভায় যাইনি।’ হাসান মিজানুর রহমান আরও বলেন, ‘বেআইনি জেনেও স্কাউটসের প্রয়োজনে বহুতল ভবন নির্মাণ করছি। এটি আমার নিজস্ব সম্পত্তি নয়। জেলা প্রশাসক পদাধিকার বলে স্কাউটসের সভাপতি। তিনিও বিষয়টি জানেন।’জানতে চাইলে ভোলা সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পুকুর ভরাট করে ভবন নির্মাণ বেআইনি। এ ছাড়া সরকার থেকে জমি ইজারা নিয়ে সেখানে স্থায়ী পাকা ভবন নির্মাণও বেআইনি।’ভোলার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, সবাইকে আইন মেনেই ভবন নির্মাণ করতে হবে।