পুকুর দখল-ভরাটের প্রতিবাদ
বরিশালে শত বছরের পুরোনো পুকুর দখলমুক্ত ও সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, প্রায় ১০০ বছর আগে জনস্বার্থে ওই পুকুর খনন করা হয়। তারা পুকুরটি সংস্কার ও সংরক্ষণের দাবি তোলেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরের হাসপাতাল রোডসংলগ্ন ১৯ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকার দুই শতাধিক নারী-পুরুষ প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। এলাকার ৮৩ বছর বয়সী সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন জানান, প্রায় ১০০ বছর আগে পেয়ারী লাল জমিদার এলাকায় পানীয় জলের অভাব দূর করার জন্য ঝাউতলা এলাকায় ৩০ শতাংশ জমির ওপর পুকুর খনন করেন। দেশ স্বাধীন হওয়ার পর জমিদারদের ওই সম্পত্তি কিছু লোক ভুয়া ডিক্রি করে। পরিবেশ অধিদপ্তর বরিশাল-এর পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, জনবহুল এলাকায় পুকুর-জলাশয় ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ। নিজস্ব পুকুর হলেও অনুমতি নেওয়া প্রয়োজন। এ ব্যাপারে কেউ অনুমতি নেয়নি।